)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজনৈতিক ময়দানে লড়াই শুরু হওয়ার আগেই ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে উত্তাল শ্যামপুর বিধানসভা কেন্দ্র। অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বুধবার তাঁর মনোনয়নপত্র জমা দিতেই নতুন করে বিতর্ক উসকে দিলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় হিরণের দ্বিতীয় পক্ষের স্ত্রী ঋতিকা গিরিকে ‘রক্ষিতা’ বলে সম্বোধন করে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক ও বিনোদন মহলে।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারি মাসে। আইনি বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও হিরণ ও ঋতিকার বিয়ের খবর এবং ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। সেই সময় থেকেই সরব ছিলেন অনিন্দিতা। মার্চ মাসে যখন বিজেপি হিরণকে শ্যামপুর কেন্দ্র থেকে প্রার্থী করার কথা ঘোষণা করে, তখন অনিন্দিতা চ্যলেঞ্জ ছুড়ে বলেছিলেন, “মনোনয়নপত্রে কার নাম স্ত্রী হিসেবে উল্লেখ করে, সেটা দেখব।” বুধবার হিরণের জমা দেওয়া হলফনামায় দেখা যায়, তিনি স্ত্রী হিসেবে অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নামই উল্লেখ করেছেন। তবে সেখানে ‘আইনত বিবাহিত’ হওয়ার পাশাপাশি ‘বিচ্ছিন্ন’ শব্দটিও যুক্ত করা হয়েছে।
মনোনয়ন জমা দেওয়ার কয়েকদিন আগেই হিরণ আইনি প্রয়োজনে অনিন্দিতার কাছ থেকে ইনকাম ট্যাক্স রিটার্নের নথি চেয়েছিলেন বলে খবর। মনোনয়ন জমা হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অনিন্দিতা তাঁর ফেসবুক পেজে নাম না করে হিরণ ও ঋতিকাকে আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, “রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?” তাঁর স্পষ্ট ইঙ্গিত ছিল, হিরণ যদি দ্বিতীয় বিয়ে করেই থাকেন, তবে সংবিধানে সেই স্ত্রীর কোনো আইনি স্বীকৃতি নেই।
অনিন্দিতা এর আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, তাঁদের এখনও ডিভোর্স হয়নি। ফলে হিন্দু বিবাহ আইন অনুযায়ী প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন বা বিচ্ছেদ না হওয়া পর্যন্ত দ্বিতীয় বিবাহ অসিদ্ধ। অনিন্দিতার দাবি, হিরণ একদিকে ঋতিকার সঙ্গে সামাজিক জীবন কাটাচ্ছেন, অন্যদিকে আইনি জটিলতা এড়াতে মনোনয়নে তাঁর নাম ব্যবহার করছেন। তিনি হিরণের এই ‘দ্বিচারিতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন।
খড়গপুরের বিদায়ী বিধায়ক হিরণ এখন শ্যামপুরের প্রার্থী। মনোনয়ন ঘিরে এই পারিবারিক কলহ তাঁর ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। তবে প্রথম স্ত্রীর এই ‘বিস্ফোরক’ পোস্ট যে বিজেপি প্রার্থীর অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
(Feed Source: zeenews.com)
