Kargil War Hero Sonam Wangchuk Dies: ভারতীয় সেনার মহাবীর চক্র জয়ী কর্নেল সোনম ওয়াংচুক প্রয়াত। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পরম বীরত্বের সঙ্গে শত্রুপক্ষের মোকাবিলা করেছিলেন তিনি। শুক্রবার সোনম ওয়াংচুকের প্রয়াণে, তাঁকে ‘লাদাখের গর্বিত সন্তান’ বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
নয়া দিল্লি: প্রয়াত ‘লাদাখের সিংহ’ অবসরপ্রাপ্ত কর্নেল সোনম ওয়াংচুক। ১৯৯৯ কর্গিল যুদ্ধে অসীম বীরত্বের জন্য মহাবীর চক্রে ভূষিত হয়েছিলেন তিনি। শুক্রবার সোনম ওয়াংচুকের প্রয়াণে, তাঁকে ‘লাদাখের গর্বিত সন্তান’ বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কার্গিল যুদ্ধে মাত্র ৪০ জন জওয়ানকে নিয়ে ১৮,০০০ ফুট উচ্চতায় ১৩৬ জন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করেছিলেন ওয়ংচুক।
সোনম ওয়াংচুকের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় সেনা। কর্নেলের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন প্রতিটি সেনা-জওয়ান। শুক্রবার এক্স হ্যান্ডেলে রাজনাথ সিং অবসরপ্রাপ্ত কর্নেল সোনম ওয়াংচুক-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে লেখেন, “লাদাখের গর্বিত সন্তান ছিলেন, এই অঞ্চলের চেতনার প্রকৃত প্রতিফলন ছিলেন—দৃঢ়, অবিচল এবং দেশের সেবায় গভীরভাবে নিবেদিত। একইসঙ্গে তিনি ভারতের ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এর প্রতীক হিসেবেও দাঁড়িয়েছিলেন। অপারেশন বিজয়ের সময়, আজার প্রতিকূলতার মধ্যেও তাঁর নেতৃত্ব দেওয়ার সাহসিকতা তাঁর সহযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল।”
ভারতীয় সেনা বাহিনী ভুলতে পারছে না তাঁদের প্রিয় জওয়ানকে! সাহসী সৈনিক, নিবেদিতপ্রাণ নেতা এবং লাদাখের সন্তান হিসেবে স্মরণ করেছে কর্নেল সোনম ওয়াংচুককে! সেনা বাহিনীর কাছে ওয়ংচুক “সাহস, সেবা এবং ঐক্যের প্রতীক” ছিল।
মহাবীর চক্র ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান, যা পরমবীর চক্রের পরেই স্থান পায়। তখন ১৯৯৯ সালের ৩০ মে। মেজর সোনম ওয়াংচুক অপারেশন বিজয়ের অংশ ছিলেন। বাতালিক সেক্টরে লাদাখ স্কাউটসের ইন্দাস উইং-এর একটি দলের নেতৃত্ব দিচ্ছিলেন। এই দলটির দায়িত্ব ছিল নিয়ন্ত্রণ রেখায় (LoC) প্রায় ৫,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত একটি হিমবাহ অঞ্চল জুড়ে থাকা রিজ লাইন দখল করা। শত্রুপক্ষ যাতে সেটি দখল করতে না পারে এবং পরবর্তীতে অনুপ্রবেশ রোধ করা যায়, তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নিয়ন্ত্রণ রেখার দিকে এগিয়ে যাওয়ার সময় আচমকাই ধেয়ে আসে শত্রুপক্ষের গুলি। লাদাখ স্কাউটসের একজন নন-কমিশন্ড অফিসার (NCO) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই পরিস্থিতিতেও মেজর তাঁর দলকে একত্রে ধরে রাখেন এবং পাল্টা আক্রমণ চালান। খতম করেন শত্রুপক্ষের দুই সেনাকে। এই অসামান্য সাহসিকতার জন্য মেজর সোনম ওয়াংচুক-কে মহাবীর চক্রে ভূষিত করা হয়।
(Feed Source: news18.com)