Noida Workers Protest: নয়ডায় ইঞ্জিনিয়ারের মৃত্যু থেকে…শ্রমিক বিক্ষোভের আগুন! নজরে IAS মেধা রূপম…জ্ঞানেশ কুমারের কে হয় জানেন?

Noida Workers Protest: নয়ডায় ইঞ্জিনিয়ারের মৃত্যু থেকে…শ্রমিক বিক্ষোভের আগুন! নজরে IAS মেধা রূপম…জ্ঞানেশ কুমারের কে হয় জানেন?

গত শুক্রবার থেকেই ধিকি ধিকি জ্বলতে শুরু করেছিল নয়ডার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের আগুন৷ কারণ, তার ক’দিন আগেই হরিয়ানায় বাড়ানো হয়েছে শ্রমিকদের বেতন৷ বেআইনিভাবে নিয়মের তোয়াক্কা না করে কম পারিশ্রমিকে শ্রমিকদের দিনের পর দিন খাটানোর জেরে তৈরি হওয়া এতদিনের বিক্ষোভ ভিসুভিয়াস হয়ে ফেটে পড়ে সোমবার৷ বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেন গাড়িতে, চলে ভাঙচুর, ইট ছোড়াছুড়ি৷ মুখোমুখি সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে৷ তৈরি হয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি৷ কিন্তু, শুরু থেকেই কেন নিয়ন্ত্রণ করা যায়নি এই শ্রমিক অসন্তোষ? জেলাশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের অন্দরে৷

শুক্রবার থেকে শ্রমিকদের আন্দোলন শুরু হয়, যেখানে তাঁরা মাসিক মজুরি ১২,০০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার দাবি জানান। প্রাথমিকভাবে বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ থাকলেও, ১৩ এপ্রিল, সোমবার নাগাদ বেশ কয়েকটি এলাকায় সহিংসতার খবর পাওয়া যায়৷ বিষয়টি, শ্রমিক পক্ষ ও শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার ইঙ্গিত বহন করছিল।

ঘটনাপ্রবাহ জটিল হওয়ার আগের দিনই জেলাশাসক মেধা রূপম শান্তি বজায় রাখার আবেদন করেছিলেন দু’পক্ষের কাছে৷ বলেছিলেন, শান্তি বজায় রাখতে শিল্প প্রতিষ্ঠান ও শ্রমিকদের প্রতিনিধিদের মধ্যে একাধিক দফায় বৈঠক হয়েছে। তিনি শ্রমিকদের উদ্বেগ নিরসনের লক্ষ্যে গত কয়েকদিন ধরে হওয়া আলোচনার বিস্তারিত বিবরণও তুলে ধরেন। কিন্তু, তাতেও রোখা যায়নি অশান্তি-বিক্ষোভ৷

আধিকারিকেরা জানিয়েছেন, শ্রমিকদের অভিযোগ নিরসনে বর্তমানে একাধিক পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে দ্বিগুণ হারে ওভারটাইম মজুরি প্রদান এবং সাপ্তাহিক একদিন ছুটির বিষয়টি। যেসব শ্রমিককে রবিবার কাজ করতে হবে, তাদের স্বাভাবিক হারের দ্বিগুণ হারে পারিশ্রমিক দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রস্তাবে।

প্রশাসন আরও নির্দেশ দিয়েছে যে, বর্তমান নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বোনাস জমা করতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে, প্রতিটি কারখানায় একজন মহিলার নেতৃত্বে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা হবে এবং ইউনিটগুলোর ভিতরে ‘অভিযোগ বাক্স’ স্থাপন করা হবে।

এছাড়াও, নিয়োগকর্তাদেরকে কর্মীদের প্রতি সম্মানজনক আচরণ, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সম্পূর্ণ বেতন সময়মতো পরিশোধ এবং বাধ্যতামূলক বেতন স্লিপ প্রদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে ওই বৈঠকে।

কে এই IAS মেধা রূপম জানেন?উত্তর প্রদেশ ক্যাডারের ২০১৪ ব্যাচের আইএএস আধিকারিক মেধা রূপম ২০১৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক ১০ অর্জন করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেনস কলেজ থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) ডিগ্রিধারী এবং বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা।

তিনি ২৯ জুলাই, ২০২৫ সাল থেকে গৌতম বুদ্ধ নগরের জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে মেরঠ ও বাগপতসহ বিভিন্ন জেলায় প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

(Feed Source: news18.com)