East Bengal News: মাথায় আকাশ ভেঙে পড়ল ইস্টবেঙ্গলের, ছিটকে গেলেন মাঝমাঠের মহাতারকা, বাকি মরসুমের লড়াই করে দিলেন কঠিন

East Bengal News: মাথায় আকাশ ভেঙে পড়ল ইস্টবেঙ্গলের, ছিটকে গেলেন মাঝমাঠের মহাতারকা, বাকি মরসুমের লড়াই করে দিলেন কঠিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েক মরসুমই ইস্টবেঙ্গলকে (East Bengal) ভোগাচ্ছে দলের তারকা ফুটবলারদের চোট। কেভিন সিবিলে (Kevin Sibille) যেদিন চোট সারিয়ে ফিরলেন, ঠিক সেদিনই আবার হাঁটুতে চোট পান নাওরেম মহেশ (Mahesh Singh Naorem)। গত রবিবার চেয়াইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতেছিল লাল-হলুদ। খেলতে গিয়েই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মাঝমাঠের মহাতারকা মহেশ। কলকাতায় ফিরে মহেশের স্ক্যান হয়েছে। মহেশের চোটের সঠিক অবস্থা জানতে স্ক্যানের রিপোর্টই ছিল ভরসা। ইস্টবেঙ্গল ক্লাব জানিয়ে দিল যে, হাঁটুর চোটই ছিটকে দিল মহেশকে। বাকি মরসুমে তাঁকে আর পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।

ইস্টবেঙ্গল বিবৃতি দিয়ে জানিয়েছে: ‘নাওরেম মহেশ সিং সম্প্রতি চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে আমাদের আইএসএল অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পান। বর্তমানে আমাদের ক্লাবের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন মহেশ। যারা তাঁর চোটের মাত্রা মূল্যায়ন করছে। মহেশ এই মরসুমের বাকি অংশে খেলতে পারবেন না বলেই আশা করা হচ্ছে। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই সময়ে তাঁকে পূর্ণ সমর্থন জানাব।’ গত সোমবার মহেশকে দলের অনুশীলনে পাওয়া যায়নি। তখনই বোঝা গিয়েছিল যে, মহেশকে নিয়ে বড় কিছু আপডেটই আসতে চলেছে। আর সেটাই হল।

বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগেই ধাক্কা: আগামী বৃহস্পতিবার ১৬ এপ্রিল যুবভারতীতে ইস্টবেঙ্গল খেলবে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরুর এফসি-র বিরুদ্ধে। কিন্তু তার আগেই বিরাট ধাক্কা খেলেন কোচ অস্কার ব্রুজোঁ। চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে রয়েছে মশালবাহিনী। মহেশের মতো ধারাবাহিক এবং দুর্দান্ত ফুটবলারকে ছাড়া নীলনকশা তৈরি করা রীতিমতো কঠিন হবে। এখন লিগ যেখানে দাঁড়িয়ে, সেখানে বেঙ্গালুরু ম্যাচের পর কিন্তু লাল-হলুদের লড়াই আরও কঠিন হবে। সেখানেও মহেশের ধাক্কা সামাল দেওয়া কঠিন হবে। ইস্টবেঙ্গলের আইএসএল ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার কিন্তু মহেশই। এই নিয়ে কোনও সন্দেহ নেই। একা খেলার রং বদলে দিতে পারেন। লাল-হলুদ জার্সিতে মহেশই সবচেয়ে বেশিদিন ধরে খেলছেন। ফলে তাঁর সার্ভিস না পাওয়া নিশ্চিন্তে বিরাট ধাক্কা।

(Feed Source: zeenews.com)