Nari Shakti Bill: মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ! আজ সংসদে নারী শক্তি বিল পেশ..মোদি বললেন, ‘ঐতিহাসিক’ পদক্ষেপ’!

Nari Shakti Bill: মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ! আজ সংসদে নারী শক্তি বিল পেশ..মোদি বললেন, ‘ঐতিহাসিক’ পদক্ষেপ’!

Nari Shakti Bill: সূত্রের খবর, কোন রাজ্যের ক্ষেত্রে কতগুলি করে লোকসভার আসন থাকবে, এবং তা সংসদের মোট আসন সংখ্যার কত শতাংশ তা উল্লেখ করে একটি নির্দিষ্ট তফশিল আনতে চলেছে কেন্দ্র৷ মোট আসনসংখ্যা বৃদ্ধি হলেও যাতে সেই শতাংশের হিসাবে কোনও তফাৎ না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷

নরেন্দ্র মোদি

নয়াদিল্লি: ‘আমাদের মা-বোনেদের প্রতি শ্রদ্ধার অর্থ আমাদের দেশের প্রতি শ্রদ্ধা’৷ সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পেশ হওয়ার আগে বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই পদক্ষেপকে, দেশের জন্য অন্যতম ‘ঐতিহাসিক’ পদক্ষেপ হিসাবে উল্লেখ করলেন তিনি৷ আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল সহ তিনটি বিল পেশের জন্য তিন দিনের বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে৷ যা শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার থেকে৷ তার আগে মোদির বার্তা, প্রশাসনিক মহলে মহিলাদের ভূমিকা আরও শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে তাঁর নেতৃত্বাধীন সরকার৷

আজ থেকে সংসদের তিনদিনের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনীর মাধ‍্যমে দেশজুড়ে আসন পুনর্ববিন্যাসের প্রস্তাব আনতে চলেছে কেন্দ্র। বিল পাশ হলে এক ধাক্কায় সংসদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে ৮৫০-এ।

আজ, অধিবেশনের প্রথম দিনেই নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পেশ হওয়ার কথা, যা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর সংশোধনী হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, লোকসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হতে পারে। বর্তমান ৫৪৩ আসনের মধ্যে প্রায় ১৮১টি আসন মহিলাদের জন্য নির্দিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, অধিবেশনে সেনসাস ছাড়াই আসন পুনর্বিন্যাস সংরক্ষণ বিলও পেশ হওয়ার কথা। এই বিল কার্যকর হলে লোকসভার আসন সংখ্যা বেড়ে ৫৪৩ থেকে প্রায় ৮৫০-এ পৌঁছবে। বাড়বে পশ্চিমবঙ্গের আসন সংখ্যাও। এরমধ্যে মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকবে ২৭৩৷

সংবাদ সংস্থা এনআইএ সূত্রের খবর, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ বাস্তবায়নের জন্য মোদি সরকার লোকসভার মোট আসন সংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত মোট আসনের মধ্যে রাজ্যগুলির জন্য ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসন প্রস্তাব করা হয়েছে।

তবে এই দুই বিল নিয়েই তীব্র আপত্তি জানিয়েছে বিরোধীরা। গোটা প্রস্তাবকে শাসক দলের তরফে ২০২৯শের আসন ধরে রাখার চক্রান্ত বলে কটাক্ষ করে তারা একজোট হয়েছে। প্রসঙ্গত, বাংলায় নির্বাচন থাকলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের অন্তত ২০ জন সাংসদ অধিবেশনে উপস্থিত থেকে আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় সরব হবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, আজ নারী শক্তি বন্দন সংশোধনী বিল উত্থাপনের আগে কেন্দ্র ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সমাজের সর্বস্তরের নারীদের সংসদীয় কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ করে দিতে সংসদ ভবনের ভিজিটরস গ্যালারিতে ব্যবস্থা করা হয়েছে।

সব রাজ্য থেকে মহিলারা তাঁদের নানান ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত থাকবেন। সংসদে বিজেপির আরও মহিলা সদস্যরা বিলটি নিয়ে বক্তব্য রাখবেন।