Lionel Messi: ৫৯ কোটির প্রতারণা করেছেন মেসি, মায়ামি পুলিসের হাতে যেকোনও সময় গ্রেফতার?

Lionel Messi: ৫৯ কোটির প্রতারণা করেছেন মেসি, মায়ামি পুলিসের হাতে যেকোনও সময় গ্রেফতার?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)-এর বিরুদ্ধে দায়ের করা হয়েছে প্রায় ৫৯ কোটির (৭ মিলিয়ন ডলার) প্রতারণার মামলা । মায়ামি-ডেড সার্কিট কোর্টে এই মামলাটি দায়ের করেছে ‘ভিড মিউজিক গ্রুপ’ (Vid Music Group)। অভিযোগ, একটি চুক্তিবদ্ধ প্রীতি ম্যাচে না খেলে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

মামলার বয়ান অনুযায়ী, গত বছর অক্টোবর মাসে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের স্বত্ব কিনেছিল ভিড মিউজিক গ্রুপ। বিনিময়ে তারা টিকিট বিক্রি, সম্প্রচার এবং স্পনসরশিপ থেকে লভ্যাংশ পাওয়ার অধিকারী ছিল। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হবে। কিন্তু ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে মেসি এক মিনিটের জন্যও মাঠে নামেননি। অথচ অভিযোগ উঠেছে, স্টেডিয়ামের একটি লাক্সারি স্যুটে সপরিবারে উপস্থিত থাকলেও তিনি খেলা থেকে দূরে ছিলেন।

আয়োজক সংস্থাটি আরও দাবি করেছে যে, ভেনেজুয়েলা ম্যাচের ঠিক পরেই ইন্টার মায়ামির হয়ে আটলান্টার বিরুদ্ধে মাঠে নামেন মেসি এবং দুটি গোল করেন। এর থেকেই প্রমাণিত হয় যে তিনি খেলার জন্য শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন। মেসি পরের ম্যাচে পুয়ের্তো রিকোর বিরুদ্ধে খেললেও ততক্ষণে আয়োজকদের অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছিল। টিকিট বিক্রি তলানিতে নামায় দ্বিতীয় ম্যাচটি শিকাগো থেকে সরিয়ে ফ্লোরিডায় নিয়ে আসতে হয়। এএফএ (AFA) অভিবাসন সংক্রান্ত ধরপাকড়কে এর জন্য দায়ী করলেও, ভিড মিউজিক গ্রুপের দাবি— মেসির প্রথম ম্যাচে অনুপস্থিতিই ভক্তদের মধ্যে অনীহা তৈরি করেছিল, যার ফলে তারা লক্ষ লক্ষ ডলার লোকসান করেছেন।

মেসির এই ধরণের বিতর্ক নতুন কিছু নয়। সম্প্রতি তাঁর ভারত সফরেও একই চিত্র দেখা গিয়েছিল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভক্তদের সঙ্গে কথা না বলেই মেসি মাঠ ছাড়ায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। যদিও সেই ক্ষেত্রে চুক্তিতে কী শর্ত ছিল তা স্পষ্ট নয়, তবে বারবার এমন ঘটনায় ফুটবল প্রেমীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

মাঠের বাইরের আইনি লড়াই চললেও মাঠের ভেতরে মেসির ছন্দ অব্যাহত। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি। তাঁর হাত ধরেই ক্লাবটি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপের মতো শিরোপা ঘরে তুলেছে। ২০২৬ বিশ্বকাপের অভিযান ঘিরেও এখন আর্জেন্টিনার প্রধান ভরসা এলএমটেন। তবে এই ৭ মিলিয়ন ডলারের আইনি জট তিনি কীভাবে কাটান, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

(Feed Source: zeenews.com)