Akshay Kumar Son Aarav Bhatia Career: অক্ষয় কুমারের একমাত্র ছেলে কাটাচ্ছেন কষ্টের জীবন, গাধার খাটুনি খেটে মাসে মাইনে পান মাত্র ৪৫০০

Akshay Kumar Son Aarav Bhatia Career: অক্ষয় কুমারের একমাত্র ছেলে কাটাচ্ছেন কষ্টের জীবন, গাধার খাটুনি খেটে মাসে মাইনে পান মাত্র ৪৫০০

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্ল্যামার দুনিয়ার স্টার-কিডদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। অনেকেই ভেবে নেন রুপোলি পর্দার তারকাদের সন্তানরা অনায়াসেই বাবার উত্তরসূরি হয়ে উঠবেন। কিন্তু খিলাড়ি কুমার অর্থাৎ অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া হাঁটছেন এক সম্পূর্ণ বিপরীত পথে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় খোলসা করলেন যে, তাঁর ছেলে আরভ সিনেমায় আসতে মোটেও আগ্রহী নন। তাহলে কী করেন ২৩ বছরের আরভ?

শুভঙ্কর মিশ্রের সঙ্গে এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানান, আরভ এখন সিনেমার জৌলুস থেকে দূরে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। অক্ষয় বলেন, “ও আজও মাত্র ৪৫০০ টাকার চাকরি করছে। এটা তো ভালো কথা! কেন করবে না?” অভিনেতা আরও জানান, আরভ ফ্যাশন ডিজাইন নিয়ে উৎসাহী। আর সেই কারণে তিনি এখন বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সেখানকার প্রিন্ট, ডিজাইন এবং কাপড়ের কাজ শিখছেন একদম নিচুতলা থেকে।

অক্ষয় জানান, আরভ তাঁর মতোই শরীরচর্চা এবং স্বাস্থ্যের প্রতি অত্যন্ত সচেতন। তিনি বলেন, “আরভ ভীষণ পরিশ্রমী এবং নিজের লক্ষ্য নিয়ে স্থির। কিন্তু ওর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার কোনো পরিকল্পনা নেই। ও ফ্যাশন জগতেই ক্যারিয়ার গড়তে চায়।”

ছেলের ওপর নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে নারাজ অক্ষয়। তিনি বলেন, “আমি আমার ছেলেকে কোনো লেকচার দিই না। আমার শুধু একটা কথা— কাউকে আঘাত কোরো না, কারো ক্ষতি কোরো না। ব্যস, এটুকুই। বাকিটা ওর জীবন, ওই সামলাবে।”

উল্লেখ্য, ২০০২ সালে জন্ম আরভের। বর্তমানে লন্ডনে উচ্চশিক্ষা নিচ্ছেন তিনি। বড় পর্দায় বাবার জনপ্রিয়তাকে পুঁজি না করে যেভাবে আরভ নিজের রাস্তা নিজে বেছে নিয়েছেন, তা নেটজনতার প্রশংসা কুড়াচ্ছে। অন্যদিকে, অক্ষয় ব্যস্ত তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’ এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে।

(Feed Source: zeenews.com)