গজারিয়াতে গরু বলে- ১৩ ঘোড়া জবাই, জব্দ করলো জনতা

গজারিয়াতে গরু বলে- ১৩ ঘোড়া জবাই, জব্দ করলো জনতা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পরিত্যক্ত বাড়ি থেতে ১৩ ঘোড়া জবাইকৃত অবস্থায় জব্দ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় জবাইয়ের উদ্দেশ্যে আনা একটি জীবন্ত ঘোড়াও উদ্ধার করে স্থানীয়রা। অল্প মূল্যে ক্রয় করে গরুর মাংস বলে বিভিন্ন হোটেলে বিক্রির উদ্দেশ্যে অসুস্থ ঘোড়া জবাই করা হচ্ছিলো।

স্খানীয় হাসান মিয়া বলেন, দীর্ঘদিন যাবত অসুস্থ ঘোড়া জবাই হয়, এই বিষয়টা আমরা শুনতে পাই। পরে আমরা পরিত্যক্ত ঘরের ভিতরে প্রবেশ করলে দেখা যায় ১৩ টি জবাইকৃত ঘোড়া রেখে তারা পালিয়ে যায়। বিষয় প্রশাসনকে জানানো হয়।

​এদিকে- অন্য এক প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন জানান, প্রতি রবিবার ও বুধবার গভীর রাতে এই পরিত্যক্ত ঘরের সামনে গাড়ি আসত। সকালে সেখানে রক্ত ও হাড় পড়ে থাকতে দেখা যেত। পরে জানা যায় চক্রটি মূলত ঘোড়া জবাই করে সেই মাংস বস্তায় ভরে গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে সরবরাহ করত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান জানান, ঘোড়া জবাইয়ের বিষয়টি স্থানীয় জনগণ এবং সাংবাদিক সহকর্মীর মাধ্যমে আমি জানতে পেরেছি৷ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ অনুযায়ী ঘোড়া জবাই এর কোন সুযোগ নেই। তবে ঘটস্থলে অভিযুক্ত কাউকে না পাওয়ায় মোবাইল কোর্টে এটি বিচারযোগ্য নয়৷ ঘটনাস্থলে পুলিশ অফিসার আছেন, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ উপস্থিত হবার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/আরএ