
তিনি, অ্য়ালান বর্ডার (Allan Border)। চার দশক পর ফের কলকাতায় ফিরলেন। ইডেনে খেলা দেখলেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ দেখলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে বসে। বারবারই নস্ট্যালজিক মনে হচ্ছিল বর্ডারকে। একটা সময় টেস্টে বিশ্বের সর্বোচ্চ রানের মালিক ছিলেন। ইডেনে বসে বর্ডার প্রশংসায় ভরালেন বিশ্ব ক্রিকেটের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশীকে।
মাঠে গিয়ে কখনও আইপিএল দেখেননি বলে আক্ষেপ ছিল। সেই ইচ্ছেপূরণের জন্যই ভারতে এসেছেন অ্যালান বর্ডার। যাঁর নেতৃত্বে ১৯৮৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বসে বিরাট কোহলিদের মাচ দেখেছেন। রবিবার ইডেনে খেলা দেখলেন। কলকাতা থেকে মুম্বই যাবেন। তারপর চেন্নাই। আরও দু’টো ম্যাচ দেখে সেখান থেকে দেশে ফিরবেন।
রবিবার ইডেনে খেলা দেখার ফাঁকে বর্ডার জানালেন, বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) মধ্যে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে খুঁজে পাচ্ছেন তিনি। বাঁহাতি বৈভবের মধ্যে যেন লারার ছায়া!
কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ দেখার ফাঁকে বর্ডার বলেন, ‘প্যাট কামিন্স, ক্রেগ ম্যাকডারমটদেরও অনেক কম বয়সে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছিল। বৈভবের মধ্যে স্পেশ্যাল প্রতিভা রয়েছে। এত কম বয়সে কী মারাত্মক টেম্পেরামেন্ট। টেকনিকও অসম্ভব ভালে। কম বয়সে কিছু ভুল সকলেই করে। একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি যে, ভারতীয় ক্রিকেটের যা পদ্ধতি আর পরিকাঠামো, তাতে বৈভবের ঠিকঠাক পরিচর্যা করা হবে। আগামী এক বছরের মধ্যে ও যদি ভারতীয় টেস্ট টিমে সুযোগ পেয়ে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।’
ভারতীয় ক্রিকেটের তো বটেই, বিশ্বক্রিকেটেরই বিস্ময়-কিশোর বলা হচ্ছে বৈভবকে। মাত্র ১৫ বছর বয়স। রোমাঞ্চকর ব্যাটিংয়ে সাড়া ফেলে দিয়েছে। আইপিএলে রেকর্ডের পর রেকর্ড। রবিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধেও ব্যাট হাতে ঝড় তুলেছিল বাঁহাতি কিশোর। যদিও হাফসেঞ্চুরি থেকে মাত্র ৪ রান আগে থেমে যেতে হয় তাকে। তার দলও হারে। যদিও বৈভবের ব্যাটিং মন জিতে নিয়েছে কিংবদন্তি বর্ডারের।
(Feed Source: abplive.com)
