
মুম্বই: আইপিএলের পর সপ্তাহখানেকের মধ্যেই মাঠে নেমে পড়বে ভারতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। আর সেই সূচি নিয়েই না কি সন্তুষ্ট নন হেডকোচ গৌতম গম্ভীর ও ভারতীয় দলের ক্যাপ্টেন শুভমন গিল। বিসিসিআই এভাবে সূচি তৈরি করায় একেবারেই খুশি নন তাঁরা। আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। আর আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্য়াচটি শুরু হবে আগামী ৬ জুন থেকে। এই পরিস্থিতিতে প্লেয়ারদের ওয়ার্কলোড একটা ইস্যু হতে পারে। তার জন্যই আফগানিস্তানের বিরুদ্ধে খেলার জন্য অজিত আগরকরের কমিটি না কি কিছু রিজার্ভ প্লেয়ার তৈরি রাখছে।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এত ঠাসা সূচি একেবারেই চাননি গম্ভীর ও গিল। তাঁরা আগে থেকেই বিসিসিআইয়ের সঙ্গে কথা বলে এই বিষয়ের বিরোধিতা করেছিলেন। কিন্তু নির্বাচকরা সূচিতে বদল না আনলেও কিছু নতুন মুখকে তৈরি রাখছেন বলে খবর। তাঁরা হলেন, গুরনূর ব্রার, মনব সুতার, আকিব নবি ও দেবদত্ত পড়িক্কল। তাঁরা প্রত্যেকেই ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেছেন। সেক্ষেত্রে জসপ্রীত বুমরাহ, শুভমন গিল, কে এল রাহুল, এমনকী রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হতে পারে, কারণ তারা আইপিএলে অংশগ্রহণ করেছেন ও এরপরেই একটি কঠিন সফরসূচি রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ”আইপিএল ফাইনাল ও আফগানিস্তান টেস্টের মধ্যে খুব বেশি ব্যবধান নেই। তাই নির্বাচক ও ম্যানেজমেন্ট খেলোয়াড়দের ওয়ার্কলোড ইস্যু নিয়ে ভেবেছে। এরপর রয়েছে তিনটি ওডিআই ও ইংল্যান্ডে সাদা বলের সিরিজ। আফগানিস্তান টেস্টে যেহেতু কোনো WTC পয়েন্ট নেই, তার জন্য় প্রথমসারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। কারণ পরের দু’মাস ধরে বাইরে সফর রয়েছে। তাই নিজেদের ফিট রাখাটা গুরুত্বপূর্ণ। বর্তমানে ওডিআই ও WTC অগ্রাধিকার পাবে।”
এদিকে, বিসিসিআই নতুন এক উদ্যোগও নিতে চলেছে হয়ত। গোটা বছরে একাধিক সিরিজ খেলতে হয় এখন ভারতীয় দলকে। সূত্রের খবর, চলতি আইপিএলের মাঝেই প্লেয়ারদের পারফরম্য়ান্স দেখে বোর্ডের তরফে ৩০-৩৫ জন প্লেয়ারদের বেছে নেওয়া হবে। সেই পুলে আগামী কয়েক বছরে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে যাঁরা যাঁরা ভারতীয় সিনিয়র দলে খেলতে পারেন, তাঁদেরই রাখা হয়েছে। আইপিএলের পরই আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। সেই সিরিজগুলোয় প্রথম সারির অনেক ক্রিকেটারই হয়ত খেলবেন না ভারতের হয়ে। তার জন্যই খেলােয়াড়দের পুল তৈরি করে রাখতে চাইছে BCCI।
(Feed Source: abplive.com)
