
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিবারের এক শিশুর বয়স মাত্র ৩ বছর, অন্যজন ১০ বছরের। তাদেরকেও ছাড়ল না হামলাকারীরা। সোমবার মাঝরাতে নওগাঁও উপজেলায় বাহাদুপুরের একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে খুন করল হামলাকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশেই ওই বাড়িতে হামলা চালায় ডাকাতরা।
পুলিসসূত্রে খবর, নিহতরা হলেন হাবিবুর রহমান(৩৫), হাবিবুরের স্ত্রী পপি খাতুন(৩০), তাদের ছেলে মাহবুবুর হোসেন(১০) ও মেয়ে সাদিয়া খাতুন(৩)। পুলিস মৃতদেহগুলি উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠিয়েছে।
অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে ৪ জনকে। পুলিস জানিয়েছে, হাবিবুর ও তার স্ত্রী পপিকে গলা কেটে খুন করা হয়েছে। তাদের দুই সন্তানকে কোনও ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে মারা হয়েছে। স্থানীয়দের বক্তব্য়, হবিবুর রহমান ছিলেন পেশায় গোরু ব্যবসায়ী। সোমবার চৌবাড়িয়ার হাটে গোরু বিক্রি করে সন্ধেয় ঘরে ফেরেন। তার কাছে ছিল গোরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা। সেই টাকার লোভেই সম্ভবত তার বাড়িতে হামলা চালায় ডাকাতদল। চার জনকে খুনের পাশাপাশি বাড়িতে থাকা সোনার গহনাও লুট করা হয়েছে।
ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত হাবিবুরের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা বেগম (৪৫) ও শিরিনা বেগম (৪০) এবং ভাগ্নে সবুজ রানাকে (২৫) হেফাজতে নিয়েছে পুলিস। ধারণা করা হচ্ছে, ওই টাকা লুটের উদ্দেশ্যে অথবা দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত হাবিবুরের বাবা নমির উদ্দিনের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরে তার মেয়ে ও জামাই প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুই শিশুসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত। প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধ ও টাকার বিষয়টি সামনে আসছে। আটক সবুজ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(Feed Source: zeenews.com)
