Missing Director Utsav Mukherjee: ১৮ দিন নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়: পুলিসের দরজায় ঘুরে ক্লান্ত স্ত্রী, এবার হদিশ পেতে সংবাদপত্রে বিজ্ঞাপন

Missing Director Utsav Mukherjee: ১৮ দিন নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়: পুলিসের দরজায় ঘুরে ক্লান্ত স্ত্রী, এবার হদিশ পেতে সংবাদপত্রে বিজ্ঞাপন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউড পরিচালক তথা চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার রহস্যে এবার নয়া মোড়। গত ২ এপ্রিল ব্যাঙ্ক যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ‘বরুণবাবুর বন্ধু’ বা ‘ভবিষ্যতের ভূত’-এর মতো চর্চিত ছবির এই চিত্রনাট্যকার। তারপর থেকে ১৮ দিন কেটে গেলেও তাঁর কোনও হদিস মেলেনি। পুলিশি তদন্তে খোঁজ না পাওয়ায় এবার সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। মৌপিয়ার অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে ভয়াবহ সাইবার বুলিং এবং পরিকল্পিত চরিত্রহননের শিকার হচ্ছিলেন উৎসব, যা তাঁকে মানসিকভাবে পঙ্গু করে দিয়েছিল।

মৌপিয়ার ফেসবুক পোস্ট অনুযায়ী, ২০১৯ সাল থেকে উৎসবের জীবনে এক কালো অধ্যায় শুরু হয়েছিল। একের পর এক ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাঁকে আক্রমণ করা হতো। কোনও ছবি পোস্ট করলেই ধেয়ে আসত কদর্য মন্তব্য। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, উৎসব নিজেকে সমাজমাধ্যম তো বটেই, এমনকি বন্ধু-বান্ধব ও পরিবার থেকেও গুটিয়ে নিতে বাধ্য হন। তাঁর ক্যারিয়ারের ওপর এর মারাত্মক প্রভাব পড়েছিল। মৌপিয়ার দাবি, কেউ বা কারা পরিকল্পিতভাবে উৎসবের পেশাদার এবং ব্যক্তিগত জীবন ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

২০২৪ সালে আলাপ এবং পরবর্তীতে উৎসব ও মৌপিয়ার বিয়ের পর এই আক্রমণ আরও ব্যক্তিগত রূপ নেয়। মৌপিয়ার অভিযোগ, তাঁদের বিয়ের ছবির নিচে নোংরা কমেন্ট করা থেকে শুরু করে উৎসবের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে কুৎসা রটানো হচ্ছিল। এমনকি মৌপিয়ার নামেও মিথ্যা অপবাদ দেওয়া শুরু হয়। মৌপিয়ার কথায়, “উৎসবের নিখোঁজ হওয়ার পর থেকেই এই আক্রমণকারীরা হঠাৎ চুপ হয়ে গিয়েছে। এটা অত্যন্ত রহস্যজনক।”

আনন্দপুর থানায় মিসিং ডায়েরি করা হলেও এখনও কোনও খোঁজ নেই উত্‍সবের। তিনি জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। স্বামীর সন্ধানে তিনি এতটাই মরিয়া, পুলিসের পরামর্শে এবার সংবাদপত্রেও নিখোঁজ বিজ্ঞাপন দিয়েছেন। তিনি লিখেছেন, “যদি আমার কিছু হয়ে যায়, তবে এই সত্যিগুলো আর কেউ জানবে না। পুলিশ পুরো ঘটনা জানে, কিন্তু তারা কতটা গুরুত্ব দিচ্ছে জানি না।”

টলিউডের একজন প্রতিভাবান চিত্রনাট্যকারের এভাবে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং তাঁর স্ত্রীর এই বিস্ফোরক অভিযোগ বর্তমানে টিনসেল টাউনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। উৎসব কি এই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মগোপন করেছেন, নাকি এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে— সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।

(Feed Source: zeenews.com)