
অয়ন ঘোষাল: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি ফেরানোর যে শেষ আশাটুকু ছিল, তা আপাতত অনিশ্চয়তার মুখে। এর ফলে আজ ভোর থেকেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।
পাক রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনা হওয়ার কথা ছিল ইরান এবং আমেরিকার। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন গতকাল। তাঁর প্রতিনিধি দল পাকিস্তান রওয়ানা হয়ে গেছিল। পরে হঠাৎ করেই কোনো এক অজ্ঞাত কারণে হোয়াইট হাউস জানায় শান্তি বৈঠক অনিশ্চিত। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজ ভোর থেকে এশিয়া-সহ বিভিন্ন দেশে শেয়ার বাজারে পতন। দাম বাড়ল তেলের।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছেন। আগের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এই ঘোষণা দিলেন। যদিও ইরান দ্বিতীয় দফার এই বৈঠকে যোগ দিতে সরাসরি অস্বীকার করেছে। মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, ইরানের সরকার বর্তমানে ভেঙে পড়েছে। তাই তেহরান যাতে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারে, সেই সুযোগ দিতেই তিনি এই যুদ্ধবিরতি বাড়াচ্ছেন। অথচ কয়েক ঘণ্টা আগেই তিনি হুমকি দিয়েছিলেন যে, চুক্তি না হলে ইরানে বোমা হামলা শুরু করা হবে।
যুদ্ধবিরতি বাড়ালেও ট্রাম্প স্পষ্ট করেছেন যে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে। ইরান এই অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছিল এবং এটিই ছিল তাদের বৈঠকে না আসার অন্যতম প্রধান কারণ।
ইরানের সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরান চাপের মুখে কোনো আলোচনায় বসবে না। তারা সাফ জানিয়ে দিয়েছে যে, নৌ-অবরোধ বহাল থাকা মানে যুদ্ধ চলাকালীন অবস্থার মতোই। যতক্ষণ এই অবরোধ থাকবে, ততক্ষণ তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করবে না।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার নিশ্চিত করেছেন যে, ইরান এই বৈঠকে যোগ দিচ্ছে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধেই তিনি হামলা আপাতত স্থগিত রেখেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে ক্ষমতার লড়াই চলছে। কট্টরপন্থী অংশটি এখন যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে।
(Feed Source: zeenews.com)
