Jasprit Bumrah: বিশ্বজয়ী বুমরার হাত-পা বেঁধে এই কাজে বাধ্য করাল BCCI, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল IPL-এর মাঝেই, এবার চরম শিক্ষা

Jasprit Bumrah: বিশ্বজয়ী বুমরার হাত-পা বেঁধে এই কাজে বাধ্য করাল BCCI, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল IPL-এর মাঝেই, এবার চরম শিক্ষা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ওয়ান্স ইন আ জেনারেশন’, ‘ন্যাশনাল ট্রেজার’, ‘সেঞ্চুরি কাইন্ড অফ বোলার’। এই যাবতীয় বিশেষণে ভারতীয় দলে এখন একজনই ভূষিত। তিনি জসপ্রীত জসবীরসিং বুমরা (Jasprit Bumrah)। ৩২ বছরের গুজরাতি একা হাতে খেলার রঙ বদলে দিতে পারেন। যে পিচে বোলারদের জন্য কিস্সু থাকে না, সেই বন্ধ্যাভূমিও তাঁর কাছে উর্বর হয়ে যায়। আর এহেন বুমরারকে এবার বাধ্যতামূলক ভাবেই করতে হবে এই কাজ। সাফ নিদান দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)

সাম্প্রতিক দৃষ্টান্ত থেকেই শিক্ষা: টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার সাম্প্রতিক অবনতি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বোর্ড। সাদা বলের ক্রিকেটে ভারতের সাম্প্রতিক সাফল্যের ঠিক বিপরীত মেরুতেই লাল বলের ক্রিকেটের হতশ্রী চেহারা। টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী টিম কিন্তু টেস্টে খাবি খাচ্ছে। গতবছর ভারত মোট ১০টি টেস্ট ম্যাচ খেলেছে। ৪টি জিতেছে ও ৫টি হেরেছে। ডব্লিউটিসি সাইকেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ হোয়াইটওয়াশ হতে হয়েছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে ১-৩ ব্যবধানে হেরেছে। খেলার দীর্ঘতম সংস্করণকেই অগ্রাধিকার দেওয়ার নির্দেশ হয়েছে বুমরাকে। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি সবক’টি ম্যাচ খেলার কথাই বলা হয়েছে দেশের এক নম্বর পেসারকে। এক সর্বভারতীয় মিডিয়ার রিপোর্ট বলছে, বিসিসিআই বুমরাকে নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কায় দু’টি করে টেস্ট ম্যাচ এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বলেছে। ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় ভারত বর্তমানে ৬ নম্বরে রয়েছে এবং এই ফরম্যাটে দলের ভাগ্য ফেরাতে বিসিসিআই কোমর বেঁধে নেমেছে। ঠিক এই কারণেই আইপিএলের পর টেস্ট ক্রিকেটকেই অগ্রাধিকার দেওয়া হবে। দরকারে বুমরাকে দু’একটি ওডিআই সিরিজে খেলানো হবে না।

জসপ্রীত বুমরার চর্চিত ওয়ার্কলোড: নক্ষত্র পেসারের ওয়ার্কলোড নিয়ে সবসময়ই সতর্ক থাকে বিসিসিআই। সেভাবেই তা নিয়ন্ত্রণ করা হয়। যার ফলে গতবছর ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের মধ্যে বুমরা মাত্র তিনটিতেই অংশ নিতে পেরেছিলেন। বিষয়টি নিয়ে সেই সময়ে বেশ বিতর্কের তৈরি হলেও, বর্তমানে বুমরার ব্যাপারে বিসিসিআইয়ের অবস্থান বেশ স্পষ্ট বলেই মনে হচ্ছে। এখন বুমরাকে তরতাজা ও ফিট রাখার দায়িত্ব পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ওপরই ন্যস্ত। বিশেষ করে আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সবকটিই তাঁকে খেলানোর লক্ষ্যে বোর্ডের। বোর্ডের সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘ লক্ষ্য হচ্ছে বুমরাকে এমনভাবে ফিট রাখা, যাতে সে সবকটি টেস্টেই খেলতে পারে। আশা করা হচ্ছে শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড সফরের চারটি টেস্টেই বুমরা খেলবে। তবে আসল চ্যালেঞ্জ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের জন্য তাঁকে সতেজ ও তৈরি রাখা। প্রয়োজনে বুমরাকে দু’একটি ওডিআই সিরিজে বিশ্রাম দিতে নির্বাচকদের কোনও আপত্তি থাকবে না। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের হাত ধরে দু’বছরের বিরতির পর বুমরা আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছিল এবং তখনও ও দুর্দান্ত পারফর্ম করেছিল।’

আগামী ৩১ মে আইপিএল ফাইনাল হবে। আর তার মাত্র ছ’দিন পরেই, অর্থাৎ ৬ জুন আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ভারত। যদিও এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চক্রের অন্তর্ভুক্ত নয়, তবুও যেসব দলের খেলোয়াড়রা আইপিএলে প্লে-অফ পর্বে জায়গা করে নিতে পারবে না, তাদের ওয়ার্কলোড বিষয়টি বিবেচনা করে এই টেস্ট ম্যাচের জন্য দলে অন্তর্ভুক্ত করার প্রবল সম্ভাবনাই রয়েছে। সূত্র আরও জানিয়েছেন, ‘টেস্ট ক্রিকেটের প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার ভাবনাই আমাদের। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টটি হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের বাইরে, কিন্তু ম্যাচ অনুশীলনের কোনও বিকল্প নেই। শীর্ষস্থানীয় খেলোয়াড়দের বর্তমান অবস্থা ও ফিটনেস পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে এবং সেই অনুযায়ীই তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ বোঝাই যাচ্ছে বুমরাকে ছাড়া ভারতের কোনও গতি নেই।

(Feed Source: zeenews.com)