
স্ত্রীয়ের সঙ্গে ভোট দিতে এলেন অরিজিৎ
অরিজিৎ সিংহ গোটা বিশ্বের কাছেই তারকা, কিন্তু জিয়াগঞ্জের অলিতে গলিতে হামেশাই নিজের স্কুটি করে ঘুরে বেড়াতে দেখা যায় অরিজিৎকে। সঙ্গীতশিল্পীকে দেখে ঘিরে ধরে ছোটরা। তাদের সঙ্গে হেসে কথা বলেন অরিজিৎ, ছবি তোলেন। জিয়াগঞ্জের কাছে অরিজিৎ এখনও ঘরের ছেলেই। সেই একই ছবি ধরা পড়ল নির্বাচনের দিনও। স্ত্রী কোয়েলের হাত ধরে ভোটকেন্দ্রে এলেন অরিজিৎ সিংহ। প্রীতম সিং জি এস এফ পি বিদ্যালয়ের বুথে আসেন অরিজিৎ। আকাশি ফুল হাতা কুর্তায় সাদা সুতোর কাজ, মাথায় টুপিতে সেই চির চেনা অরিজিৎ। পাশে সালোয়ার কামিজে স্ত্রী কোয়েল। স্ত্রীয়ের হাত ধরেই ভোটকেন্দ্রে প্রবেশ করলেন অরিজিৎ। পায়ে হেঁটেই এসেছিলেন তারকা দম্পতি। ভিতরে গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দেন অরিজিৎ।
ভোট দিয়ে বেরিয়ে কী বার্তা অরিজিতের?
অরিজিৎ ভোট দিয়ে বেরনোর পরে, তাঁকে ছবিশিকারীরা দূর থেকেই বলেন, কিছু বার্তা দিতে। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় অরিজিৎ হেসে বলেন, ‘আজ আর কী বার্তা দেব? আজ বার্তা দিলে তো লোকে ভাববে নেতা হয়ে গিয়েছি’ বলেই ফের হেসে ফেলেন অরিজিৎ। এরপরে তাঁকে ভোটের কালি দেওয়া আঙুল দেখিয়ে পোজ দিতে অনুরোধ করেছিলেন ছবিশিকারীরা। অরিজিৎ তাতে নারাজ। তবে জানালেন, ভিতরে গিয়ে তিনি ভোট দিয়েছেন। যাওয়ার আগে, ছবিশিকারীদের কুশল সংবাদ জিজ্ঞাসা করতেও ভোলেন না। বলেন, ‘সবাই ভাল আছো তো’? অরিজিৎ এরপরে হেঁটেই ফিরে যান। সবতিছুর মধ্যেই ধরা পড়ে তাঁর সংযমী স্বভাব।
(Feed Source: abplive.com)
