৪০ মিনিট কিপিং, এক ঘণ্টা ধরে করলেন ব্যাটিং, ‘এল ক্লাসিকো’-তে ধোনির কামব্যাক নিশ্চিত?

৪০ মিনিট কিপিং, এক ঘণ্টা ধরে করলেন ব্যাটিং, ‘এল ক্লাসিকো’-তে ধোনির কামব্যাক নিশ্চিত?
মুম্বই: লিগ তালিকায় সাত ও আট নম্বরে রয়েছে দুই দল। তবে আইপিএলের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজ়ি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (MI vs CSK) যখনই একে অপরের মুখোমুখি হয়, তখন লড়াইটা কেবল দুই পয়েন্টের নয়, লড়াইটা হয় আত্মসমানের, মর্যাদার, ঐতিহ্যের। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল আইপিএলের এই ‘এল ক্লাসিকো’ আয়োজিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

এই ম্যাচেই কি অবশেষে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কামব্যাক ঘটাবেন? ইঙ্গিত কিন্তু তেমনই। পেশির চোটের জেরে ধোনি চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে পারেননি। তাঁর অভিজ্ঞতার অভাব যে সিএসকে হাড়ে হাড়ে টের পাচ্ছে, তা বলাই বাহুল্য। অনেক সিএসকে সমর্থকই আশা করছেন মাহি ফিরলে সিএসকের ভাগ্যও ফিরবে। তবে এখন লাখ টাকার প্রশ্ন হল ধোনি কবে ফিরবেন?

এর আগেও ধোনিকে সিএসকের নেটে অনুশীলন সারতে দেখা গিয়েছিল। কিন্তু তিনি ম্যাচ খেলেননি। তবে ২১ এপ্রিল ওয়াংখেড়েতে তাঁর অনুশীলন দেখে অনেকেই মনে করছেন ধোনি হয়তো সম্পূর্ণভাবে ফিট হয়ে গিয়েছেন বা ফিট হওয়ার একদম দোরগোড়ায়। মঙ্গলবার মাহিকে মায়ানগরীতে সিএসকের নেটে প্রায় ৪০ মিনিট কিপিং করতে দেখা যায়। উর্ভিল পটেল ও সরফরাজ খানের বিরুদ্ধে মাহি কিপিং সারেন।

তিনি এর পাশাপাশি ঘণ্টাখানেক ব্য়াটিংও করেন। সিএসকে বোলারদের বিরুদ্ধে ব্যাটিং সারার পর মাহিকে থ্রো ডাউনের বিরুদ্ধেও ব্যাটিং করতে দেখা যায়। তিনি এর আগেও থ্রো ডাউনের বিরুদ্ধে ব্যাটিং করেছেন, তবে এতক্ষণ ব্যাটিং করতে দেখা যায়নি প্রাক্তন ভারতীয় অধিনায়ককে।

এই মেগাদ্বৈরথে আগে অবশ্য ওয়াংখেড়েতে এক অন্য ছবিও ধরা পড়ল। সেই ছবি লড়াইয়ের নয়, বরং বন্ধুত্বের, শ্রদ্ধার, ভালবাসার। সিএসকের প্রাক্তনী দীপক চাহার বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার। তবে হলুদ ব্রিগেড ছাড়লেও, তিনি কিন্তু এখনও সেই দলের সকলেরই প্রিয়। আর সিএসকের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির প্রতি তো চাহারের ভালবাসা, সম্মানের কথা সকলেই জানেন। এমনকী চাহারের বিয়ের প্রস্তাবের গোটা বিষয়টাও ধোনির পরামর্শেই হয়েছিল। সেই মাহিকে দেখেই মঙ্গলবার অনুশীলনের ফাঁকে তাঁর দিকে এগিয়ে এলেন চাহার। তারপর একেবারে সটান মাহির পায়ে হাত দিয়ে প্রণাম সেরে নিলেন পল্টনদের তারকা ফাস্ট বোলার।

(Feed Source: abplive.com)