Raghav Chadha quits AAP: আপ ছেড়ে বিজেপিতে রাঘব চাড্ডা, সঙ্গী আরও ৬: বাংলায় প্রচারে আসার আগে কেজরির ঘরে ভাঙন

Raghav Chadha quits AAP: আপ ছেড়ে বিজেপিতে রাঘব চাড্ডা, সঙ্গী আরও ৬: বাংলায় প্রচারে আসার আগে কেজরির ঘরে ভাঙন

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটের প্রচারে আসছেন অরবিন্দ কেজরিওয়াল, তখন দিল্লিতে জোর ধাক্কা খেল আম আদমি পার্টি। আপ ছাড়লেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। বিজেপিতে যোগদানের কথা ঘোষণাও করে দিয়েছেন তিনি।

জল্পনা চলছিলই। অবশেষে কেজরি হাত ছাড়লেন রাঘব চাড্ডা। আপের সঙ্গে যে তাঁর আর বনিবনা হচ্ছে, তা অবশ্য প্রকাশ্যে চলে এসেছিল বেশ কয়েকদিন আগেই। আপের রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে যখন সরিয়ে দেওয়া হয়, তখন থেকেই রাঘবের দল ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়।

রাজ্যসভায় এখন আপের সদস্যসংখ্য়া ১০। আজ, শুক্রবার সাংবাদিক বৈঠকে রাঘব বলেন, ‘আমরা রাজ্যসভায় আপের দুই-তৃতীয়াংশ সদস্য ভারতীয় সংবিধানের বিধান মেনে বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’। কেন দল ছাড়লেন? রাঘবের কথায়, ‘যে আপ-কে আমি নিজের রক্ত আর ঘাম দিয়ে লালন করেছি, নিজের যৌবনের ১৫ বছর দিয়েছি, সেই দল নিজেদের নীতি, মূল্যবোধ থেকে সরে গিয়েছে। এখন এই দল দেশের স্বার্থে কাজ করে না। বরং ব্যক্তিগত সুবিধা লাভের জন্য কাজ করে। গত কয়েক বছরে আমার বার বার মনে হয়েছে, আমি ভুল দলে রয়েছি। তাই আজ আমরা আপ থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলাম এবং মানুষের কাছাকাছি যাওয়ার সিদ্ধান্ত নিলাম’।

এদিকে দ্বিতীয় দফার ভোটের আগে বাংলায় প্রচারে আসছেন আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল। ২৬ ও ২৭ এপ্রিল তৃণমূলের সমর্থনে প্রচারে অংশ নেবেন তিনি।

এর আগে, বাংলায় তৃণমূলের সমর্থনে প্রচারে অংশ নিতে দেখা যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। স্ত্রী কল্পনাকে সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলি সভা করেন তিনি।  শনিবার ঝাড়গ্রামে সভা করার কথা ছিল তাঁর।  কিন্তু শেষপর্যন্ত সভাস্থলে পৌঁছতেই পারেননি  ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র প্রধান। শনিবার ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে করেন খোদ নরেন্দ্র মোদী। তৃণমূলের দাবি, ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভার জন্য ‘নো ফ্লাই জ়োন’ করে দেওয়া হয়েছিল। সে জন্যই সস্ত্রীক সোরেন শুধু কেশিয়াড়ি-তে সভা করেই রাঁচি ফিরে যান।

(Feed Source: zeenews.com)