Flight’s Engine Fails: রানওয়েতে দাউদাউ করে জ্বলে উঠল ইঞ্জিন: দিল্লির আকাশে ওড়ার আগেই ভয়াবহ বিপর্যয়ের মুখে ২৩২ যাত্রী

Flight’s Engine Fails: রানওয়েতে দাউদাউ করে জ্বলে উঠল ইঞ্জিন: দিল্লির আকাশে ওড়ার আগেই ভয়াবহ বিপর্যয়ের মুখে ২৩২ যাত্রী

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দিল্লি বিমানবন্দরে ভয়ংকর দুর্ঘটনা। উড়ান দেওয়ার ঠিক আগেই জ্বলে উঠল বিমান। তীব্র আতঙ্কে হুড়োহুড়ি। ‘সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ (SWISS)-এর বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে পাইলট থামিয়ে দেয় বিমান। এই ঘটনায় জরুরি স্লাইড দিয়ে নামার সময় অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার রাত ১টা ০৮ মিনিটে সুইজারল্যান্ডের জুরিখগামী LX147 ফ্লাইটটি (এয়ারবাস A330) উড়ানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। রানওয়েতে দৌড় শুরু করার পরপরই একটি ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং আগুন ধরে যায়। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট মাঝপথেই উড্ডয়ন থামিয়ে দেন।

বিমানে মোট ২২৮ জন যাত্রী এবং ৪টি শিশু ছিল। দুর্ঘটনার পর জরুরি বহির্গমন স্লাইড ব্যবহার করে দ্রুত যাত্রীদের নামিয়ে আনা হয়। তবে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ছয়জন যাত্রী চোট পান, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানের ক্রু সদস্যরা অক্ষত আছেন বলে জানানো হয়েছে। সুইস এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। স্থানীয় সময় রাত ১টার পর উড্ডয়নকালে ইঞ্জিনে সমস্যা দেখা দিলে ক্রুরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি খালি করার সিদ্ধান্ত নেন।

বিমানে যারা স্লাইড ব্যবহার করতে পারেননি, তাদের জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়। আটকে পড়া যাত্রীদের হোটেলে থাকা বা বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর কাজ শুরু করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ঘটনার কারণ খতিয়ে দেখতে কারিগরি বিশেষজ্ঞদের একটি দল দিল্লি রওনা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ১৬ এপ্রিল রানওয়েতে ট্যাক্সিং করার সময়ে দুটি বিমানে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়। তবে বরাতজোরে রক্ষা পেয়ে যান যাত্রীরা।

বিমানবন্দর সূত্রে খবর, একটি বিমান স্পাইসজেটের, আরেকটি আকাশ এয়ারের। ঘড়িতে ২টো বেজে ১৫ মিনিট। দিল্লির বিমানবন্দরে অবতরণের পর, ট্যাক্সিং করছিল স্পাইসজেটের বিমানটি। আকাশ এয়ারের বিমানটি তখন দাঁড়িয়েছি ট্যাক্সি ওয়েতে। স্পাইসজেট বিমানটি ধাক্কা মারে আকাশ এয়ারের। দুর্ঘটনায় স্পাইসজেটের বিমানের  উইংলেট এবং আকাসা এয়ারের বিমানের বাঁ দিকের লেজ ভেঙে যায়। পরীক্ষার জন্য় দুটি বিমানের উড়ান স্থগিত করে দেওয়া হয়।

(Feed Source: zeenews.com)