Rhea Chakraborty: সুশান্ত রাজপুতের রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়: প্রেমিকা রিয়াকে কোর্টের চূড়ান্ত নিদান, কেঁপে গেল বলিউড

Rhea Chakraborty: সুশান্ত রাজপুতের রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়: প্রেমিকা রিয়াকে কোর্টের চূড়ান্ত নিদান, কেঁপে গেল বলিউড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুশান্ত সিং রাজপুত, ৬ বছর কেটে গিয়েছে অভিনেতার মৃত্যুর। এখনও তাঁর মৃত্যুরহস্য অমীমাংসিত। কী কারণে প্রাণবন্ত অভিনেতা চরম পদক্ষেপ নিয়েছিলেন, নাকি সেটা খুন? সুশান্তের মৃত্যুতে সরাসরি আঙুল গিয়েছিল তাঁর গার্লফেন্ড রিয়া চক্রবর্তীর দিকে।

অভিনেতার মৃত্যুর মাদর যোগের তদন্ত শুরু করে এনসিবি (NCB)। সেই সময় তদন্তের খাতিরে তারা রিয়া ও তাঁর ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ‘ফ্রিজ’ বা লেনদেন বন্ধ করে দিয়েছিল। জেল খাটতে হয়েছিল অভিনেত্রীকে।

সেই মামলাতেই রবিবার রিয়া চক্রবর্তীর কাছে এল স্বস্তির খবর। আদালত জানিয়েছে, তদন্তকারী সংস্থা অ্যাকাউন্টগুলো বন্ধ করার ক্ষেত্রে সঠিক আইনি নিয়ম মেনে চলেনি। তাই এখন থেকে রিয়া ও শৌভিক তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আগের মতোই ব্যবহার করতে পারবেন।

আদালতের কেন এই সিদ্ধান্ত?
রিয়া চক্রবর্তীর আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছিলেন যে, এনডিপিএস আইনের ৬৮এফ (Section 68F) ধারা অনুযায়ী কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করলে নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চপদস্থ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু এনসিবি-র পক্ষ থেকে এমন কোনও বৈধ অনুমতি বা নথি আদালতে পেশ করা সম্ভব হয়নি।

আদালত আরও জানায় যে, নিয়ম অনুযায়ী, কোনও অ্যাকাউন্ট বন্ধ করলে ৩০ দিনের মধ্যে বড় কোনও কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। রিয়ার ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি, যা সম্পূর্ণ বেআইনি। প্রয়োজনীয় নথিপত্র না থাকায় এনসিবি-র ওই পদক্ষেপকে আদালত বাতিল করে দেয়।

NCB-র কী দাবি ছিল?
তদন্তকারী সংস্থা এনসিবি এই আবেদনের বিরোধিতা করেছিল। তাদের দাবি ছিল, রিয়া মাদক পাচারকারীদের সঙ্গে যুক্ত ছিলেন এবং তদন্তের স্বার্থেই এই অ্যাকাউন্টগুলো বন্ধ রাখা প্রয়োজন। তবে আদালত স্পষ্ট করে দেয় যে, তদন্ত চললেও আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে কারও ব্যক্তিগত আর্থিক অধিকার কেড়ে নেওয়া যায় না।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক চর্চা শুরু হয় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে নামে। গ্রেফতার করা হয়েছিল প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। পরে তিনি জামিনে মুক্তি পান।

(Feed Source: zeenews.com)