
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন টলিউড পরিচালক উত্সব মুখোপাধ্যায়। স্বামীর খোঁজে হন্যে হয়েছিলেন স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। সংবাদপত্রে দিয়েছিলেন বিজ্ঞাপনও। অবশেষে ২৪ দিন পর এল সুখবর। খোঁজ পাওয়া গিয়েছে পরিচালকের। মৌপিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন।
স্ত্রী মৌপিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘খোঁজ পাওয়া গিয়েছে উত্সবের। ও এক বন্ধুর সঙ্গে কলকাতার বাইরে আছে। আমি সেখানে যাচ্ছি এবং ওকে কলকাতা নিয়ে আসব। এই মুহূর্তের এর থেকে বেশি আর কিছুই জানি না। আমাকে কিছু সময় দিন। আমি নিজে যখন সব কিছু জানতে পারব, আপনাদের জানাব।’ তিনি আরও লেখেন, ‘সবাই ধন্যবাদ, যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।’
গতকাল অর্থাত্ শনিবার মৌপিয়া উত্সবের একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে উত্সবের মুখে সাইবার ক্রাইমের কথা উঠে আসে। ক্যাপশনে তিনি লেখেন, ‘অক্টোবর মাসের মাঝামাঝি হঠাৎ করে উৎসবের সাইবার আক্রমণ চরম পর্যায়ে চলে যায়। তার কিছুদিন আগেই ওর বাবা গত হয়েছেন। সেই সময় ওকে আমি বোঝাই যে সবাইকে ওর এই অবস্থার কথা জানাতে হবে। এই ভিডিওটা আমি তুলে দিই এবং ও এটি ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করে। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই পরিস্থিতির পিছনে এই আক্রমণকারীর কোনো না কোনো ভূমিকা রয়েছে। এই নিয়ে আলাদা একটা ডায়েরি রয়েছে। মার্চ মাসে করা। কিন্তু পুলিশ এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানায়নি।
তিনি আরও লেখেন, ‘এই ব্যক্তিটিকে খুঁজে বের করা প্রয়োজন বলে আমি মনে করি। পুলিশকে আমার জানা সব তথ্য দিয়েছি। এখনও পর্যন্ত এর কোনো কিনারা হয়নি তাও। এই সাইবার আক্রমণ নিয়ে উৎসব অত্যন্ত চিন্তিত ছিল। দুশ্চিন্তার কারণও হয়ত ছিল, যেটা আমার জানা নেই। যাবার কিছুদিন আগে আমাকে কথায় কথায় দু – একবার বলেছিল, আমার জন্য তোমার ক্ষতি হয়ে যাবে না তো? জিজ্ঞেস করেছিলাম কেন এমন বলছ? ও প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিল। আমরা ওই সময়টায় বড় আনন্দে ছিলাম, সদ্য বিয়ে হলে যেমন হয়। তাই এই উক্তিটা নিয়ে আর বেশি মাথা ঘামাইনি তখন।’
‘এখন একা একা ভূতের মতন ঘুরে বেড়াই আমি। মাথার মধ্যে নানা চিন্তা জট পাকায়। বুকে অসহ্য কষ্ট, যা ভাষায় বোঝানো যায়না। বেঁচে থাকাটা যে এত যন্ত্রণার হতে পারে, এমন করে বুঝিনি আগে। এটা বার বার লিখছি হয়ত, থানায় গিয়ে বলছিও, আমি সত্যি আর পারছিনা। কিন্তু পুলিশ বুঝছে কিনা জানি না। ওঁরা সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য্য ধরতে বলছেন, আর তারপর কিছুই হচ্ছে না। এই সাইবার ক্রাইম নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। উৎসবের বেশ কয়েকজন বন্ধু বান্ধব এই ব্যাপারটা জানেন, কিন্তু তাঁরা এই নিয়ে কেন কোন কথা বলছেন না, সেটাও আমি বুঝতে পারছি না।’
তবে কি উত্সবের নিখোঁজ হওয়ার পিছনে সাইবার ক্রাইমের কোনও যোগ আছে? নাকি মানসিক অবসাদে পরিচালক লোকচক্ষুর আড়ালে চলে যেতে চেয়েছিলেন? উঠছে নানান প্রশ্ন। উল্লেখ্য, পরিচালক উত্সব মুখোপাধ্যায়কে খুঁজতে পুলিসের দরজায় ঘুরে ঘুরে রীতিমত ক্লান্ত হয়ে পড়েছিলেন স্ত্রী মৌপিয়া। শেষমেশ তিনি স্বামীর হদিশ পেতে সংবাদপত্রেও বিজ্ঞাপন দেন।
(Feed Source: zeenews.com)
