জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরে হানাদারের হানা। ঘরের দখল নিতে এসেছে হানাদার। বাঁচাতেই হবে নিজের ঘর। বাঁচাতেই হবে নিজের মাথা গোঁজার আশ্রয়। তাই জেসিবির সঙ্গে একা লড়ে গেল একাকী এক হাতি। JCB মেশিনের সামনে দাঁড়িয়ে রক্ষা করল বন।
আবেগঘন এই মুহূর্তটি ধরা পড়েছে একটি ভিডিয়ো। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিয়োটি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি হাতি একাকী বিশাল এক JCB এক্সক্যাভেটরের সামনে দাঁড়িয়ে বনভূমি ধ্বংস করা আটকাতে ক্রমাগত বাধা দিয়ে চলেছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আবেগে ভেসেছে ইন্টারনেট।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, শ্রমিকরা যখন জেসিবি দিয়ে বন কেটে এলাকা পরিষ্কার করার চেষ্টা করছিল, তখন ওই হাতিটি জেসিবি মেশিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। শান্ত অথচ দৃঢ় মনোভাব নিয়ে সে JCB-র রাস্তা রোধ করে। ইতিমধ্যেই ১ লাখ ১৯ হাজার ভিউ হয়েছে ভিডিয়োটির। লাইক ৬০০০, রিপোস্ট ৩০০০।
ভিডিয়োর কমেন্টে কেউ লিখেছেন, “উন্নয়ন বনাম বন্যপ্রাণীর সংঘাতের এক হৃদয়বিদারক উদাহরণ। একটি হাতি দৃঢ়ভাবে JCB মেশিনের সামনে দাঁড়িয়ে আছে তার ‘বাড়ি’- এই বন ধ্বংস হওয়া আটকাতে। যখন ব্যবসায়িক সংস্থা ও সরকার বনভূমি ধ্বংসে মরিয়া।” কেউ লিখেছেন, “এই হাতিটি উন্নয়ন সরকারের থেকেও ভালো বোঝে।” আরেকজন প্রশ্ন করেছেন, “নিজের বাড়ি রক্ষা করতে যাওয়ায় কি এই হাতিটিকেও ‘সন্ত্রাসবাদী’ বলা হবে?” অনেকেই JCB চালকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন— কেন তিনি মেশিন বন্ধ করেননি? এতে হাতিটি বা আশপাশের মানুষের নিরাপত্তা বিপন্ন হতে পারত বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। JCB চালককে তিরস্কার করে তাঁরা লিখেছেন, “JCB অপারেটর কী ভাবছিল? মেশিনটা বন্ধ করে দিলেই পারত! হাতিটা আঘাত পেতে পারত বা কাউকে আঘাত করতে পারত! অযথা নাটক করার কী দরকার!”
A heartbreaking reminder of Conflict between Development and Wildlife
An elephant stands firmly in front of a JCB machine to stop the destruction of the Forest it calls HOME while business houses and govt are on RAMPAGE mode to destroy every remaining Forest cover pic.twitter.com/HqejQNhPF7
— D (@Deb_livnletliv) April 25, 2026
প্রসঙ্গত ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর পরিবেশবিদরাও সতর্ক করছেন। তাঁরা বলছেন, এই ধরনের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়—এগুলো একটি বৃহত্তর সংকটের লক্ষণ। যেখানে স্বল্পমেয়াদি অর্থনৈতিক লাভ করতে গিয়ে পরিবেশগত ভারসাম্য ধ্বংস করা হচ্ছে। যার প্রভাব দীর্ঘমেয়াদি। জলবায়ু পরিবর্তনে ইতিমধ্যেই তাপপ্রবাহ চরম আকার নিয়েছে। এর মধ্যে বনভূমি ধ্বংস পরিস্থিতিকে মানুষ ও প্রাণী উভয়ের জন্য আরও বিপজ্জনক করে তুলছে।
(Feed Source: zeenews.com)
