সুশান্তের মৃত্যুর পরে রিয়ার ফ্রিজ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে বলল কোর্ট

সুশান্তের মৃত্যুর পরে রিয়ার ফ্রিজ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে বলল কোর্ট
কলকাতা: ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। বলিউড অভিনেতা, সুশান্স সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর সঙ্গে জড়িয়ে গিয়েছিল তাঁর নাম। সুশান্ত যখন মারা যান, সেই সময়ে রিয়ার সঙ্গে সম্পর্কে ছিল অভিনেতা। তবে সুশান্তের মৃত্যুর সময়ে তিনি তাঁর ফ্ল্যাটে ছিলেন না, এমনকি এই ঘটনা ঘটার কয়েকদিন আগেই তিনি সুশান্তের বাড়ি ছেড়ে বেরিয়ে যান, সেই কথা একাধিকবার প্রকাশ করেছেন রিয়া। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল রিয়াকে, তাঁকে হাজতবাস ও করতে হয়েছিল। তবে এরপরে ফের স্বাভাবিক জীবনে ফিরেছেন রিয়া। তিনি কাজও শুরু করেছেন। তবে এবার, প্রমাণের অভাবে রিয়া ও তাঁর ভাই সৌভিকের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুক্ত করার নির্দেশ দিল আদালত।

অবশেষে স্বস্তি রিয়ার

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে রিয়া ও তাঁর ভাই সৌভিককে জেলে যেতে হয়েছিল। তবে সেই মামলার সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর কোনও যোগ ছিল না। মাদক মামলায় জেলে যেতে হয়েছিল, রিয়া আর সৌভিককে। আর সেই সময়েই তদন্তের স্বার্থে ফ্রিজ করা হয়েছিল রিয়া ও সৌভিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি। ২০২০ সালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ় করেছিল। তবে আদালত আজ রায় দিয়েছে, মামলায় বাধ্যতামূলক পদ্ধতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শেষে আজ, আইনজীবী আয়াজ় খান এবং জেহরা চরণিয়ার সাহায্যে রিয়া ও সৌভিকের অ্যাকাউন্ডগুলি ডি-ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, এনসিবি ১৯৮৫ সালের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের ৬৮এফ ধারা অনুসরণ করেনি বলেই অভিযোগ। এই ধারা অবৈধভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। ওই ধারা অনুযায়ী, রিয়া এবং সৌভিকের অ্যাকাউন্ট অবৈধভাবে বন্ধ করা হয়েছিল। সেই কারণেই অ্যাকাউন্টগুলি ডি-ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে আইনজীবীর তথ্যকে মান্যতা দিয়ে, রিয়া ও সৌভিকের অ্যাকাউন্টের ফ্রিজ খুলে দেওয়া হয়েছে।

(Feed Source: abplive.com)