জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ। মৃত এক শিশু-সহ তিনজন, আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন– ছাদিয়া আক্তার (৮): ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে। নুরনবী ইসলাম (২৮): একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। লিমন ইসলাম (২৮): ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির চালক ছিলেন। ঘটনাটিব বাংলাদেশের।
স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ভুরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। পথে নাগেশ্বরীর বাঁশেরতল এলাকায় পৌঁছালে উলটো দিক (ভুরুঙ্গামারী) থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিস ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ তিনজন মারা গেছেন। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।’ বর্তমানে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিস।
(Feed Source: zeenews.com)
