
ISC-ICSE 2026 Results: আইএসসি পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে সর্বভারতীয় প্রথম হওয়া অনুষ্কা ঘোষকে সংবর্ধনা জানাতে তার ব্যারাকপুরের বাড়িতে পৌঁছান বাম নেতৃত্ব। সুজন চক্রবর্তী-সহ সিপিএম নেতারা এই মেধাবী ছাত্রীর সাফল্যের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: আইএসসি-তে সর্বভারতীয় প্রথম ছাত্রী অনুষ্কাকে সংবর্ধনা দিতে ব্যারাকপুর এর বাড়িতে হাজির বাম নেতৃত্ব। আইএসসি পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করে ছাত্রী অনুষ্কা ঘোষ। পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের এই মেধাবী ছাত্রী সবকটি বিষয়ে পূর্ণ নম্বর পেয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, কম্পিউটার সায়েন্স ও ইংরেজি প্রতিটি বিষয়েই তার এই অসামান্য সাফল্য চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই সাফল্যের জন্য অনুষ্কাকে সংবর্ধনা জানাতে তার ব্যারাকপুরের বাড়িতে পৌঁছন বাম নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত, গার্গী চ্যাটার্জি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অবসর সময়ে কবিতা ও গল্প লিখতে ভালবাসেন তিন। প্রিয় খাবার বিরিয়ানি। কিছুদিন যাবত শর্ট ফিল্ম ও ভিজুয়াল কনটেন্টে আগ্রহ বেড়েছে তার। মেয়ের এই সাফল্যে গর্বিত পরিবারও। বাবা অনির্বাণ ঘোষ জানান, মেয়েকে কোনওদিন জোর করা হয়নি। ও নিজের মতো করেই এগিয়েছে। মা অবিষী ঘোষ বলেন, ছোটবেলা থেকেই ওকে গাইড করেছি। তখনই বুঝেছিলাম, চাইলে ও অনেক বড় কিছু করতে পারে। উল্লেখ্য, বামপন্থার আদর্শে অনুপ্রাণিত হলেও এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে আসতে চান না অনুষ্কা। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে মানুষের জন্য কাজ করাই তার লক্ষ্য।
(Feed Source: news18.com)
