জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর আট ঘণ্টা কাজের দাবিতে উত্তাল হয়েছিল বলিউড। এবার পেশাদারিত্বের এক অনন্য নজির গড়লেন দীপিকা পাড়ুকোন। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয়বার সন্তান আগমনের সুখবর ভাগ করে নেওয়ার পরেও কাজ থেকে বিরতি নেননি তিনি। বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ (King) ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা। সম্প্রতি সেই সেট থেকে কিছু ছবি সমাজমাধ্যমে ফাঁস হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতের পটভূমিতে শাহরুখের হাত ধরে হাঁটছেন দীপিকা। পরনে একটি ঢিলেঢালা ফ্লোরাল গাউন, যা তাঁর ‘বেবি বাম্প’-কে আলতো করে ঢেকে রেখেছে। মুখে সেই চিরচেনা টোল পড়া হাসি এবং প্রেগন্যান্সি গ্লো যেন তাঁর সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, ৬০ বছর বয়সেও শাহরুখের এনার্জি দেখে মুগ্ধ অনুরাগীরা। নীল ট্রাউজার্স এবং স্ট্রাইপড শার্টে কিং খানকে বেশ রাফ-অ্যান্ড-টাফ দেখাচ্ছিল। বিশেষ নজর কেড়েছে তাঁর চুলের রং; ‘সল্ট-অ্যান্ড-পেপার’ লুক ছেড়ে অভিনেতা ফিরেছেন গাঢ় কালো চুলে। নেটিজেনরা এই জুটির রসায়নকে ‘রেনেসাঁ পেইন্টিং’-এর সঙ্গে তুলনা করেছেন।
DEEPIKA PADUKONE ALL???? pic.twitter.com/F1ZGHiBm7m
— newdeep (@deepekachu) April 30, 2026
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই মেগা প্রজেক্ট ‘কিং’-এর ক্লাইম্যাক্স শুট চলছে এখন দক্ষিণ আফ্রিকায়। জানা গেছে, সেখানে ১৮ দিনের একটি শিডিউল রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য এবং গানের শুটিং করা হবে। এরপর টিম ফিরবে মুম্বাইয়ে, সেখানে ১০ দিনের কাজ বাকি থাকবে। অন্তঃসত্ত্বা দীপিকার নিরাপত্তার কথা মাথায় রেখে সেটে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।
‘কিং’ ছবিটি ঘিরে উন্মাদনার আরও একটি বড় কারণ হলো বাবা-মেয়ের জুটি। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে সুহানা খানের। এছাড়াও ছবিতে দেখা যাবে অভিষেক বচ্চন, রানী মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াতের মতো শক্তিশালী অভিনেতাদের। পাশাপাশি দীপিকা শুধু ‘কিং’ নয়, আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবির কাজও সমানতালে সামলাচ্ছেন।
সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘কিং’। অ্যাকশন, ইমোশন এবং বিদেশের মনোরম লোকেশনে শাহরুখ-দীপিকার ম্যাজিক আরও একবার বক্স অফিস কাঁপাতে প্রস্তুত।
(Feed Source: zeenews.com)
