জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সোম দুপুর-বিকেলেই বাংলায় ফুটে গিয়েছিল ঐতিহাসিক পদ্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) তাঁর সহযোদ্ধাদের তাতাতে ও বঙ্গবাসীকে বার্তা দিতে, এদিন সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে একেবারে ধুতি-পাঞ্জাবি পরে, উত্তরীয় জড়িয়ে বাঙালি সাজে চলে এসেছিলেন। মোদী জানিয়েছেন, ‘মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে সবুজ সংকেত দেওয়া হবে।’ এই প্রতিবেদনে চোখ বুলিয়ে বিশদে জেনে নিন ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প সম্পর্কে।
কী এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প? কেন এতদিন বাংলায় বন্ধ ছিল?
কেন্দ্রে বরাবরাই দাবি করেছে যে, দেশের আর্থিকভাবে দুর্বল পরিবারের মানুষদের চিকিৎসার খরচে সহায়তা করার লক্ষ্যেই চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। বিশ্বের বৃহত্তম সরকারি-অর্থায়িত স্বাস্থ্য বীমা প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা কভারেজ দেওয়া হয়ে থাকে। ভারতের বহু রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই পরিষেবা পাচ্ছেন। ২০১৮ সালে রাঁচিতে মোদীর হাতে ধরে চালু হওয়া প্রকল্প এই বাংলায় সেভাবে আলো দেখেনি। সেই বছর সমঝোতা স্মারকে সই করেও বিদায়ী তৃণমূল সরকার এই রাজ্যে ২০১৯ সালে কেন্দ্রের প্রকল্প প্রত্যাহার করে নিজস্ব ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প চালু করে। তবে বঙ্গে এই প্রকল্প চালু না হওয়ায় রাজনৈতিক মহলেও দীর্ঘদিন ধরে বিতর্ক চলেছে। এমনকী আদালতেও গড়ায় তা।
আয়ুষ্মান ভারত যোজনার প্রধান বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ
১) বিমার পরিমাণ: প্রতিটি যোগ্য পরিবার প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পায়।
২) ক্যাশলেস চিকিৎসা: এই প্রকল্পের মাধ্যমে হাসপাতালে ভর্তির জন্য কোনও নগদ টাকার প্রয়োজন হয় না। সারা দেশের তালিকাভুক্ত যে কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়।
৩) চিকিৎসা কভারেজ: এতে প্রাথমিক এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালে ভর্তির খরচ, ডায়াগনস্টিক পরীক্ষা, অস্ত্রোপচার এবং ওষুধের খরচও অন্তর্ভুক্ত থাকে।
৪) অব্যাহত পরিষেবা: হাসপাতালে ভর্তি হওয়ার ৩ দিন আগে থেকে এবং ছাড়া পাওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ এই প্রকল্পের আওতায় থাকে।
৫) প্রবীণ নাগরিকদের জন্য সুবিধা: সম্প্রতি নিয়ম অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিক তাদের আয় নির্বিশেষে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।
কারা এই যোজনার যোগ্য?
এই প্রকল্পটি মূলত এসইসিসি-র (সোশিও-ইকোনমকি কাস্ট সেনসাস)। ২০১১ সালের তথ্যের উপর ভিত্তি করে সুবিধাভোগী নির্বাচন করে। যোগ্যতার শর্তে রয়েছে ভূমিহীন এবং দিনমজুর পরিবার। তফসিলি জাতি বা উপজাতি (এসসি/এসটি) ভুক্ত পরিবার। কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবার। যে পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনও সক্ষম পুরুষ সদস্য নেই।
আবেদন ও কার্ড ডাউনলোডের পদ্ধতি
আপনি যোগ্য কি না তা যাচাই করতে বা আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে অফিসিয়াল PMJAY পোর্টালে যেতে পারেন অথবা Ayushman App ব্যবহার করুন। আপনার মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করুন। আধার নম্বর বা ফ্যামিলি আইডি (রেশন কার্ড নম্বর) দিয়ে আপনার নাম তালিকায় আছে কি না পরীক্ষা করুন। নাম থাকলে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করে আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। আরও বিস্তারিত জানতে আপনি myScheme বা Vikaspedia-এর মতো তথ্য পোর্টালগুলি দেখতে পারেন।
(Feed Source: zeenews.com)
