জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে যখন দেশজুড়ে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের টানটান উত্তেজনা, ঠিক তখনই নিজের সবচেয়ে প্রিয় সঙ্গীকে হারালেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। সোমবার সকালে দক্ষিণ কলকাতার আবাসনে মৃত্যু হয় দেবের অত্যন্ত প্রিয় পোষ্য ‘লাকি’-র। দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়ে আক্ষরিক অর্থেই পরিবারের কাউকে হারানোর শোকে টলিউডের সুপারস্টার।
প্রিয় ‘লাকি’-র একটি ছবি পোস্ট করেছেন দেব। ক্যাপশনে লিখেছেন, “তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার ছিলে, লাকি। শান্তিতে থেকো। আবার খুব তাড়াতাড়ি ফিরে এসো।” এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, রাজনৈতিক যুদ্ধের ময়দানে থাকলেও মনের দিক থেকে কতটা বিধ্বস্ত তিনি।
শুটিং সেট হোক বা নিজের বাড়ি—লাকি ছিল দেবের অবিচ্ছেদ্য অংশ। এমনকী দেবের স্টারডমের ২০ বছরের উদযাপনে মঞ্চেও দেখা গিয়েছিল তাকে। ‘কিডন্যাপ’ ছবির গানের রিহার্সাল থেকে শুরু করে অবসরের সময়টুকুতে লাকির সঙ্গে খুনসুটির ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দেব। বিদেশ থেকে ফিরলেই প্রিয় পোষ্যদের উচ্ছ্বাস ছিল দেখার মতো, সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন সেই ভিডিয়ো। আজ সেই প্রিয় বন্ধুর চলে যাওয়ায় সমবেদনা জানিয়েছেন দেবের অগণিত অনুরাগী।
(Feed Source: zeenews.com)
