BCCI NEW STRICT RULES IPL 2026: গার্লফ্রেন্ড কালচার উপড়ে ফেলছে বিসিসিআই, নেটপ্রভাবী প্রেমিকাই বোর্ডের বিরাট বিপদ, আইপিএলের মাঝেই কড়া ফতোয়া

BCCI NEW STRICT RULES IPL 2026: গার্লফ্রেন্ড কালচার উপড়ে ফেলছে বিসিসিআই, নেটপ্রভাবী প্রেমিকাই বোর্ডের বিরাট বিপদ, আইপিএলের মাঝেই কড়া ফতোয়া

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রমরমিয়ে চলছে উনিশতম আইপিএল (IPL 2026)। ৭৪ ম্যাচের মধ্যে ৪৬ ম্যাচই খেলা হয়ে গিয়েছে। অর্ধেকেরই বেশি। আর এবার বিসিসিআই একটি  বিষয়ে প্রচণ্ড কড়া পদক্ষেপ নিতে চলেছে। বিরাট কোহলির (Virat Kohli) হাত ধরে আমদানি হওয়া প্রবল চর্চিত ‘গার্লফ্রেন্ড কালচার’ এবার তুলে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড! এমনই রিপোর্ট এক সর্বভারতীয় দৈনিকের।

‘প্রেমিকা সংস্কৃতি’ 

ক্রিকেটারদের এই ‘প্রেমিকা সংস্কৃতির’ দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাবিত বিসিসিআই। বোর্ড ভাবছে যে, এর ফলে কোনও বড় বিতর্ক দানা বাঁধতে পারে বা ভিতরের খবর বাইরে ফাঁস হয়ে যাওয়ারও সম্ভাবনা হয়েছে। তাই কোনও বিপদ ঘটার আগেই কঠোর নিয়মে ক্রিকেটারদের বাঁধতে চাইছে বোর্ড । চলতি আইপিএল ইতোমধ্যেই বিতর্কে জর্জরিত। রাজস্থান রয়্যালসের মিডিয়া ম্যানেজার রোমি ভিন্দরকে ডাগআউটে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছে। অন্যদিকে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ সাজঘরে ভেপ করেছেন। পরিস্থিতি এমনিতেই বেশ উত্তপ্ত। বোর্ডের শীর্ষ কর্তারা মনে করছেন যে, আরেকটি ঘটনা ঘটার অপেক্ষা করা কোনও বুদ্ধিমানের কাজ নয়। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নজরে কয়েকজন তারকা

হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, ঈশান কিষান এবং যশস্বী জয়সওয়ালের মতো বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন বোর্ডের নজরে। যাঁদের বান্ধবীদের সঙ্গে দেখা যাচ্ছে আইপিএলে। একসঙ্গে ঘোরা-ফেরা এমনকী এক হোটেলে থাকার মতো বিষয়গুলি মোটেই পছন্দ নয় বোর্ডের। কোনও কোনও ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে থাকতেই প্রেমিকারা আলাদা ভাবে বিভিন্ন শহরে ভ্রমণ করছেন। এদের মধ্যে কয়েকজন আবার নেটপ্রভাবী। ফলে সংবেদনশীল তথ্য জনসমক্ষে ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। যদিও খেলোয়াড়দের প্রেম করা বা ডেটিং নিয়ে বোর্ডের বিন্দুমাত্র আপত্তি নেই। তবুও বিসিসিআই এই বিষয় নিয়ে সন্তুষ্ট নয় যে, ক্রিকেটারদের কয়েকজন সঙ্গী তাদের সঙ্গেই থাকছেন এবং দলের সঙ্গেই ঘুরছেন।

কী ভাবছে বিসিসিআই?

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন ‘এই বিষয়ে নিয়ে আলোচনা চলছে। খেলোয়াড়দের সঙ্গে তাঁদের স্ত্রী ও পরিবারের সদস্যদের ভ্রমণে কোনও সমস্যা নেই। কিন্তু বান্ধবীদের ক্ষেত্রে বিষয়টি অপেক্ষাকৃত বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অতীতে আইপিএল চলাকালীন খেলোয়াড়দের সঙ্গে তাঁদের বান্ধবীদের থাকার কোনও অনুমতি ছিল না। তবে বর্তমানে এটি যেন রীতি হয়ে গিয়েছে। স্ত্রীয়ের পাশাপাশি ‘অফিসিয়াল গার্লফ্রেন্ড’দের নিয়েও আপত্তি নেই বোর্ডের। সব ঠিক থাকলে আগামী বছর আইপিএলেই উঠে যাবে প্রেমিকা সংস্কৃতি।

(Feed Source: zeenews.com)