Satadru Dutta on Messi Incident: ‘জেলে মুখ খুললে তোমার পরিবারকে শেষ করে দেব’, রাজ্যে পালাবদল ঘটতেই মেসিকাণ্ডে বিস্ফোরক শতদ্রু

Satadru Dutta on Messi Incident: ‘জেলে মুখ খুললে তোমার পরিবারকে শেষ করে দেব’, রাজ্যে পালাবদল ঘটতেই মেসিকাণ্ডে বিস্ফোরক শতদ্রু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময়ের চাকা ঘোরে, আর সেই চাকার আবর্তনে এবার হিসেব নিকেশের পালা শুরু করলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরেই নিজের ফেসবুক হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করলেন তিনি। গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির ‘গোট ট্যুর’ (Goat Tour) ফ্লপ হওয়া এবং তার জেরে পুলিসি হেফাজত নিয়ে সরাসরি সেই সময়ের শাসকদল ও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে আঙুল তুলেছেন তিনি।

কী ঘটেছিল সেই দিন?
কলকাতার ফুটবল পাগল দর্শকদের জন্য দিনটি ছিল স্বপ্নের মতো। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রড্রিগো দি’পল পা রেখেছিলেন তিলোত্তমায়। কিন্তু যুবভারতীর ৬০ হাজার দর্শকের স্বপ্ন নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। অভিযোগ, মেসি মাঠে প্রবেশ করা মাত্রই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর অনুগামীরা প্রিয় ফুটবলারকে কার্যত ‘ছেঁকে’ ধরেন। শতদ্রু দত্তের দাবি, দর্শকদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বারবার সরে যেতে অনুরোধ করা হলেও কেউ কর্ণপাত করেননি। যার ফলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটা দর্শকরা এক ঝলকও মেসিকে দেখতে পাননি। এর পরেই রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী। ক্ষুব্ধ জনতা চেয়ার ভাঙা থেকে শুরু করে মাঠের কার্পেট তুলে নিয়ে যাওয়ার মতো নজিরবিহীন তাণ্ডব চালায়।

সেই ঘটনার পরেই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল শতদ্রু দত্তকে। ৩৮ দিন জেল খাটতে হয়েছিল তাঁকে। সোমবার ফেসবুকে একটি পোস্টে শতদ্রু লিখেছেন, “আমার টিমের কাছে জোর করে অ্যাক্সেস কার্ড চাওয়া হয়েছিল। না দেওয়ায় তাদের ঘরবন্দি করে রাখা হয়। আপনারা স্রেফ আমার ইভেন্ট নষ্ট করেননি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আপনাদের জন্য আমি ৩৮ দিন জেলে ছিলাম। এবার সবকিছুর হিসেব হবে। ভগবান সব দেখছেন।”

রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটতেই শতদ্রু স্পষ্ট জানিয়েছেন, তিনি আর চুপ থাকবেন না। ইভেন্টের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি এবং ব্যক্তিগত অপমানের জেরে ৫০ কোটি টাকার মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। খুব শীঘ্রই একটি প্রেস কনফারেন্স করে পর্দার পিছনের সব চক্রান্ত ফাঁস করার কথা জানিয়েছেন এই সংগঠক। অরূপ বিশ্বাসের নাম সরাসরি না নিলেও তাঁর পোস্ট করা ছবি এবং ইঙ্গিতপূর্ণ বয়ানে স্পষ্ট যে, আক্রমণের লক্ষ্য কারা। মারাদোনা থেকে এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় আনা শতদ্রুর কাছে মেসির সফর ছিল এক বড় ধাক্কা। তবে এখন রাজ্যে নতুন রাজনৈতিক আবহে সেই পুরনো ক্ষতের বিচার চাইছেন তিনি। তাঁর কথায়, “এটা স্রেফ শুরু।”

(Feed Source: zeenews.com)