Mimi Chakraborty: বাংলায় বিজেপি ঝড় আসতেই পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে শুভেচ্ছা জানিয়েছেন টলি অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমির৷
রত্না দেবনাথকে শুভেচ্ছা মিমির
কলকাতা: বাংলায় এখন গেরুয়া ঝড়৷ প্রথমবারের মতো গদি দখল করছে বিজেপি। সোমবার ৪ মে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার পর সামনে এসেছে ফলাফল৷ তবে ভোটের রেজাল্টের পর থমথমে গোটা টলিপাড়া৷ বিজেপির এই জয়ের পরই সোশ্যাল মিডিয়া থেকে উধাও একাধিক তারকারা৷
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মিমি চক্রবর্তীও তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন এবং সাংসদ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন এবং একসময়কার তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন ৷ তবে শেষ লোকসভা নির্বাচনে রাজনীতির মঞ্চ থেকে বিদায় নেন অভিনেত্রীর৷ তারপর থেকে আর সক্রিয়ভাবে দেখা যায়নি অভিনেত্রীকে৷ এবার বাংলায় বিজেপি ঝড় আসতেই পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে শুভেচ্ছা জানিয়েছেন টলি অভিনেত্রী৷
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভয়ার মায়েরা একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন- ‘২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা রত্না দেবনাথ, পানিহাটি আসনে জয়ী। এই জয়টা ব্যক্তিগত মনে হচ্ছে। কোনও জয়ই আপনার ক্ষতিপূরণ করতে পারবে না।’
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন রত্না দেবনাথ৷ তার যোগ দেওয়ার পর নানা মন্তব্য উঠে এসেছিল কিন্তু তার জয় সবটা প্রমাণ করে দিয়েছে৷ এবং পানিহাটিবাসী যে তার পাশে রয়েছে তারও প্রমাণ পাওয়ার গেছে৷ নিজের মেয়ের বিচারের দাবিতে ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন রত্না দেবী। এবার বিধানসভায় তিনি তার দাবি কতটা জোরালো করতে পারেন, এখন সেটাই দেখার।
গত ১৫ বছর ধরে টলিপাড়ার একাধিক তারকারা শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়েছিলেন৷ কেউ সরাসরি রাজনীতিতে পা রেখেছেন, কেউ কেউ ভোটে লড়ে বিধায়ক-সাংসদ হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন৷ তবে হাতে গোনা কিছু তারকাকে জনপ্রতিনিধি হিসেবে মেনে নিয়েছেন আমজনতা৷ তবে মমতা সরকারের পতনের পর বদলে গিয়েছে সমীকরণ৷