)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগপুরে ভয়াবহ ঘটনা! ফের এক মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটল (Nagpur IIIT Student Death)। জানা গিয়েছে, পরীক্ষার প্রচণ্ড মানসিক চাপ সহ্য করতে না পেরেই হস্টেলের নয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন নাগপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (Indian Institute of Information Technology)-র এক দ্বিতীয় বর্ষের পড়ুয়া। সোমবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাগপুরে আইআইআইটি (IIIT) চত্বরে।
ন’তলা থেকে
পুলিসসূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম শ্রেয়স চন্দ্রকান্ত মানে (২০)। তিনি কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন। গতকাল গভীর রাতে নাগপুরের কালমেশ্বর এলাকায় অবস্থিত IIIT হস্টেলের ৯ তলা থেকে তাঁকে নীচে পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর কারণ
প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, শ্রেয়শ গত কয়েকদিন ধরেই আসন্ন পরীক্ষা নিয়ে প্রচণ্ড উদ্বেগের মধ্যে ছিলেন। তাঁর ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার না হলেও, বন্ধুদের বয়ান এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখে পুলিসের অনুমান, পরীক্ষার মানসিক চাপই তাঁকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে।
শোকের ছায়া
নাগপুরের কালমেশ্বর থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ছাত্রটি গত কয়েকদিনে কার কার সঙ্গে কথা বলেছিলেন এবং তাঁর ফোন রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। মেধাবী ছাত্রের এই অকাল প্রয়াণে তাঁর পরিবার এবং সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হস্টেল কর্তৃপক্ষের ভূমিকা এবং পড়ুয়াদের উপর থাকা মানসিক চাপ কমানোর জন্য কোনো কাউন্সেলিংয়ের ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
সহায়তা
মানসিক অবসাদ বা আত্মহত্যার চিন্তা এলে একা থাকবেন না। সাহায্যের জন্য এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের হেল্পলাইন নম্বর: Lifeline Foundation – 033-24637401 / 24637432 (সকাল ১০টা থেকে রাত ১০টা)। মনে রাখবেন, আত্মহত্যা কোনো সমাধান নয়।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(Feed Source: zeenews.com)
