
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিলনাড়ুর মসনদে বসা কি তবে সময়ের অপেক্ষা? বুধবার বিকেলের ঘটনাক্রম বলছে, ‘থালাপতি’ বিজয়ের জন্য পথটা যতটা মসৃণ মনে হচ্ছিল, আদতে তা নয়। কংগ্রেসের নিঃশর্ত সমর্থনের পর বিজয় সরকার গড়ার দাবি জানালেও, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনই তাঁকে শপথ গ্রহণের অনুমতি দিচ্ছেন না। রাজভবন সূত্রে খবর, সংখ্যাতত্ত্ব নিয়ে রাজ্যপাল এখনও পুরোপুরি সন্তুষ্ট নন।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৮। বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK) ১০৮টি আসনে জিতেছে। কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন মেলায় সেই সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ (বিজয় দুটি আসনে জেতায় একটি আসন বাদ দিয়ে)। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে এখনও বিজয়ের প্রয়োজন আরও ৬টি আসন। এই সমীকরণেই আটকে গেছে বিজয়ের আগামীকালের সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠান।
সকালেই তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস জানিয়ে দিয়েছিল তারা বিজয়কে সমর্থন করছে। বিনিময়ে দুটি ক্যাবিনেট মন্ত্রিত্বের দাবি জানানো হয়েছে। এই সিদ্ধান্তের পরই ডিএমকে-র তরফে কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। ডিএমকে মুখপাত্রের দাবি, মন্ত্রিত্বের লোভে কংগ্রেস তামিলনাড়ুর মানুষের সঙ্গে প্রতারণা করেছে। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে ‘ইন্ডিয়া’ জোটের মৃত্যুঘণ্টা বলে কটাক্ষ করেছে।
বিজয় এখন তাকিয়ে আছেন বামপন্থীদের (CPI ও CPI-M) ৪টি আসন এবং ভিসিকে-র (VCK) ২টি আসনের দিকে। তবে বামেরা সিদ্ধান্ত নিতে ৮ মে পর্যন্ত সময় চেয়েছে। এর মাঝেই জল্পনা ছড়িয়েছে এআইএডিএমকে-র (AIADMK) একটি বড় অংশ বিজয়কে সমর্থন করতে পারে। বর্তমানে চেন্নাইয়ের রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। বিজয় কি পারবেন শেষ মুহূর্তে ৬ জন বিধায়কের সমর্থন জোগাড় করতে? নাকি তামিলনাড়ু রাষ্ট্রপতি শাসনের দিকে এগোবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই গেল।
(Feed Source: zeenews.com)
