Indian Team Get New Coach: ভারতীয় ক্রিকেট দলে খুব শীঘ্রই একজন নতুন কোচের অন্তর্ভুক্তি হতে চলেছে। বর্তমানে গৌতম গম্ভীরের কোচিং প্যানেলে বোলিং কোচ হিসেবে মর্নি মর্কেল থাকলেও দলের স্পিন বিভাগ সামলানোর জন্য কোনো বিশেষজ্ঞ কোচ নেই।
টিম ইন্ডিয়া।
ভারতীয় ক্রিকেট দলে খুব শীঘ্রই একজন নতুন কোচের অন্তর্ভুক্তি হতে চলেছে। বর্তমানে গৌতম গম্ভীরের কোচিং প্যানেলে বোলিং কোচ হিসেবে মর্নি মর্কেল থাকলেও দলের স্পিন বিভাগ সামলানোর জন্য কোনো বিশেষজ্ঞ কোচ নেই। এই শূন্যস্থান পূরণ করতেই প্রাক্তন ভারতীয় লেগ-স্পিনার সাইরাজ বাহুতুলেকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওর জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, বাহুতুলে ইতিমধ্যেই গৌতম গম্ভীর এবং বিসিসিআই-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন। বর্তমানে তিনি আইপিএল ২০২৬-এ পঞ্জাব কিংসের স্পিন কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। এর আগেও ২০২৪ সালে শ্রীলঙ্কা সফরে তিনি ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন, যা তাঁর নিয়োগের সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে।
সাইরাজ বাহুতুলের ক্রিকেটার হওয়ার গল্পটি রূপালি পর্দার কাহিনীকেও হার মানায়। মাত্র ১৭ বছর বয়সে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় তিনি কোমায় চলে গিয়েছিলেন। চিকিৎসকরা তাঁর হাঁটাচলা করার আশা প্রায় ছেড়ে দিলেও বাবার অনুপ্রেরণায় তিনি মাঠে ফিরে আসেন। প্রতিকূলতা জয় করে তিনি নিজেকে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন।
ভারতের হয়ে বাহুতুলের আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘ না হলেও ঘরোয়া ক্রিকেটে তাঁর পরিসংখ্যান ঈর্ষণীয়। ১৮৮টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৬৩০টি উইকেট শিকার করেছেন এবং ব্যাট হাতে করেছেন ৬০০০-এর বেশি রান। ১৯৯৭ থেকে ২০০৩ সালের মধ্যে তিনি ভারতের হয়ে ২টি টেস্ট ও ৮টি ওয়ানডে খেলেছেন। মূলত রঞ্জি ট্রফিতে ৪০৫টি উইকেট নেওয়া এই অভিজ্ঞ তারকাকেই এখন তরুণ স্পিনারদের মেন্টর হিসেবে ভাবছে বোর্ড।
গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় দলে বর্তমানে একঝাঁক বিশেষজ্ঞ কোচ কাজ করছেন। বাহুতুলে যুক্ত হলে স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজাদের উত্তরসূরি খুঁজে পেতে সুবিধা হবে। বিশেষ করে এশীয় কন্ডিশনে ভারতীয় স্পিনারদের ধার বাড়াতে সাইরাজ বাহুতুলের অভিজ্ঞতা বিশেষ ভূমিকা রাখবে বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই এই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
(Feed Source: news18.com)