Actor Death: এখনও হলে রমরমিয়ে চলছে সিনেমা, এরই মধ্যে ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা

Actor Death: এখনও হলে রমরমিয়ে চলছে সিনেমা, এরই মধ্যে ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু মালয়ালম অভিনেতা সন্তোষ কে নায়ারের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কেরালার পাঠানামথিট্টায়। দুর্ঘটনার সময় তাঁর স্ত্রীও গাড়িতে ছিলেন; বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ইন্ডাস্ট্রি জুড়ে শোকের ছায়া। অভিনেতার আকস্মিক প্রয়াণে মলিউড শোকস্তব্ধ।

৬৫ বছরের অভিনেতার আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন মেগাস্টার মোহনলাল এবং মামুট্টি-সহ ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিবর্গ। সন্তোষের দীর্ঘদিনের বন্ধু এবং সহপাঠী মোহনলাল একটি আবেগঘন বার্তায় তাঁর প্রিয় বন্ধু পোস্ট করেন। তিনি লেখেন, ‘আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু সন্তোষ এক গাড়ি দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছে। ও কলেজে আমার জুনিয়র ছিল এবং সেই সময় থেকেই ও আমার ভাই ও বন্ধুর মতো। আমরা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। ও ছিল অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্বের এবং বড় মনের মানুষ। সন্তোষের এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

অভিনেতা মামুট্টিও তাঁর ফেসবুক বার্তায় শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘একসঙ্গে কাজ করার মুহূর্তগুলো মনে পড়ছে। এই কঠিন সময়ে তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল।’

সন্তোষের শেষ ছবি ‘মোহিনীঅট্টম’, যা এখনও সিনেমাহলে চলছে। এটি ২০২৪ সালের হিট ছবি ‘ভরতনাট্যম’-এর সিক্যুয়েল। কৃষ্ণদাস মুরালি পরিচালিত এই ছবিতে শশীধরণ নায়ারের পরিবারের একটি সংকটময় পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সুরজ ভেঞ্জারমুডু, বিনয় ফোর্ট এবং জগদীশের মতো তারকারা।

সন্তোষ কে নায়ারের বাবা সি.এন. কেশবন নায়ার ছিলেন একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা পি. রাজলক্ষ্মীয়াম্মা ছিলেন একজন শিক্ষিকা। কলেজ জীবনে তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি এমজি (MG) কলেজ থেকে গণিতে বিএসসি সম্পন্ন করেন। মজার বিষয় হলো, সুপারস্টার মোহনলাল তাঁর সমসাময়িক ছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে মাঝপথে ফিরে আসায় মোহনলাল তাঁর সিনিয়র হয়ে গিয়েছিলেন, যা নিয়ে সন্তোষ প্রায়ই স্মৃতিচারণ করতেন।

১৯৮২ সালে ‘ইথু নাঙ্গলুদে কথা’ ছবির মাধ্যমে তিনি বিনোদন জগতে পা রাখেন। দীর্ঘ কেরিয়ারে তিনি ১০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে খলনায়ক এবং কমেডি চরিত্রে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

(Feed Source: zeenews.com)