Price Hike: মধ্যবিত্তের মাথায় হাত! সাবান বিস্কুট-সহ দাম বাড়ছে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের! হরমুজ-এফেক্ট?

Price Hike: মধ্যবিত্তের মাথায় হাত! সাবান বিস্কুট-সহ দাম বাড়ছে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের! হরমুজ-এফেক্ট?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পকেট থেকে অচিরেই খসবে বেশি টাকা! মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ! সাবান, বিস্কুট, প্যাকেটবন্দি খাবারদাবার এবং পানীয়ের জন্য এবার গুনতে হবে বেশি কড়ি। দাম বাড়তে (Price Hike) চলেছে মুদি-পণ্যের। তালিকায় রয়েছে সাবান থেকে শুরু করে বিস্কুট (soaps, detergents, biscuits, packaged foods, beverages)-সহ আরও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস।

হরমুজ-এফেক্ট?

কেন? ক্রুড ওয়েলের দাম অনেকটা বেড়েছে, প্যাকেজিংয়ের খরচ বেড়েছ, জ্বালানির সাপ্লাইচেইন নষ্ট হয়েছে, মুদ্রাস্ফীতি– এই সব মিলিয়ে বাজারের এমন অবস্থা তৈরি হয়েছে। এসবের জেরে জিনিসপত্রের অন্তত ৩ থেকে ৫ শতাংশ দাম বাড়ছে বলে জানা গিয়েছে।

ডাবর ইন্ডিয়া

যেমন জানা গিয়েছে, এফএমসিজি (FMCG) কোম্পানি ডাবর ইন্ডিয়া ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তাদের বিভিন্ন প্রোডাক্টের দাম বাড়াতে পারে। মুদ্রাস্ফীতির কারণেই তাদের বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগেও একবার সংস্থাটি তার প্রোডাক্টের দাম বাড়িয়েছে। শুধু এবং এবার আর শুধু ডাবর (Dabur) নয়, বরং আরও অনেক সংস্থাই এই পথে হাঁটতে চলেছে বলেই খবর।

হিন্দুস্তান ইউনিলিভার

এফএমসিজি কোম্পানির মধ্যে রয়েছে এ দেশের বৃহত্তম এফএমসিজি সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার (এইচইউএল)। কোম্পানির তরফে জানানো হয়েছে, এইচইউএল-এর এই বৃদ্ধির তালিকায় রয়েছে সাবান, ডিটারজেন্ট, চা, কফি এবং প্যাকেটবন্দি খাবার।

নেসলে-ব্রিটানিয়া

ডাবর ইন্ডিয়া এবং হিন্দুস্তান ইউনিলিভার ছাড়া নিজেদের পণ্যের দাম বাড়াতে চলেছে নেসলে, ব্রিটানিয়া-র মতো সংস্থাও। তারা জানিয়ে দিয়েছে, তাদের পণ্যের দামও অচিরেই বাড়বে। এর মধ্যে গম, দুগ্ধজাত পণ্যও থাকবে।

কোন কোন পণ্যের দাম বাড়বে?

ডাবরের গ্লোবাল চিফ এক্সিকিউটিভ মোহিত মালহোত্রা বলেছেন, চলতি মুদ্রাস্ফীতির কারণে বিশেষ করে প্যাকেজিং উপকরণের দাম বৃদ্ধির ফলে পরের ত্রৈমাসিকে আরও এক দফা মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে প্যাকেজিং উপকরণের দাম বাড়ছে। ডাবর চলতি ত্রৈমাসিকেই ইতিমধ্যেই প্রায় ৪ শতাংশ দাম বাড়িয়েছে। এইচইউএল এবং অন্যান্য সংস্থাগুলিও যন্ত্রাংশ ও প্যাকেজিং খরচের উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছে বলে খবর।

কেন এই পরিস্থিতি?

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত অব্যাহত। এই অস্থিরতার কারণে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বিঘ্ন ঘটেছে জ্বালানি সরবরাহে। ভারতেও এর বড় রকম প্রভাব পড়েছে। গ্যাসের দাম বেড়েছে। হরমুজ প্রণালী বন্ধ ও অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলে পরিবহণ খরচ বেড়েছে। বিভিন্ন কাঁচামালের দাম বেড়েছে। স্বাভাবিকভাবে উৎপাদনের খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে, একটা অন্ধ চক্রের মতো পরিস্থিতি, যেখানে একটার সঙ্গে একটা বাঁধা।

(Feed Source: zeenews.com)