
IPL 2026 Play offs Scenario: আইপিএল ২০২৬-এর প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল ৩ বড় দল। আরও জমে গেল প্লে অফের লড়াই। ৪টি জায়গা নিয়ে সাত দলের জমজমাট লড়াই।
আইপিএল ২০২৬-এর প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল দুই বড় দল মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। রবিবারের ম্যাচের পরই এই দুই দলের এবারের আইপিএল অভিযান কার্যত শেষ হয়ে যায়। ফলে প্লে-অফের সমীকরণ আরও পরিষ্কার হয়ে উঠেছে।
রবিবার প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় লখনউ সুপার জায়ান্টস। এই হারেই ঋষভ পন্থদের শেষ চারের আশা শেষ হয়ে যায়। ১১ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়ে লখনউয়ের ঝুলিতে এখন মাত্র ৬ পয়েন্ট। বাকি সব ম্যাচ জিতলেও তারা আর প্লে-অফে উঠতে পারবে না।
অন্যদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে আরসিবি শেষ বলে হারিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্সকে। ম্যাচে ১৬৭ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় আরসিবি। পুরো মরশুম জুড়েই দলটি ধারাবাহিকতা দেখাতে পারেনি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া চোটের কারণে টানা কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। তাঁর জায়গায় নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদবও দলকে জেতাতে ব্যর্থ হন।
১১ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়ে মুম্বই এখন পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে। বাকি ম্যাচগুলো জিতলেও তাদের পয়েন্ট ১২-এর বেশি হবে না। একই অবস্থা লখনউয়েরও। তাই দুই দলই এবার প্লে-অফের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল।
শুধু লখনউ আর মুম্বই নয়, প্লে-অের রেস থেকে এক প্রকার ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালসও। বর্তমানে ১১ ম্যাচে ৮ পয়েন্টে রয়েছে অক্ষর প্যাটেলের দল। ফলে শেষ ৩ ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টে পৌছবে তারা। বর্তমানে লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে ১৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাওয়া একপ্রকার অসম্ভব।

বর্তমানে পয়েন্ট টেবিলের বিচারে শেষ চারে যাওয়ার দৌড়ে রয়েছে আরসিবি, হায়দরাবাদ, গুজরাত টাইটান্স, পঞ্জাব কিংস, সিএসকে, রাজস্থান ও কেকেআর। ফলে আইপিএল ২০২৬ লিগ পর্যায়ের শেষ ল্যাপ জমে উঠেছে।
(Feed Source: news18.com)
