
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ মে দেশ জুড়ে পালন হয়েছিল মার্দাস ডে। একমাত্র মা-ই এমনই একজন, যিনি তার সন্তানকে যেকোনও বিপদ থেকে আগলে রাখে। মা আর সন্তানের সম্পর্ক,বাকি সম্পর্ক থেকে একদমই আলাদা। কিন্তু এই ঘটনা তার মানেই একেবারে বদলে দিল। যে ছেলেকে একদিন বুক দিয়ে আগলে বড় করেছিলেন মা। সেই ছেলের হাতেই শেষমেশ প্রাণ হারাতে হল তাঁকে। তাও আবার মার্দাস ডে-র দিনে। সম্পত্তির লোভে মা এবং নিজের ছোট ভাইকে নৃশংস খুন। ঘটনাটি উত্তরপ্রদেশে বান্দা জেলার। অভিযুক্তের নাম রাজকিশোর গুপ্ত।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মা-ভাইকে খুন করার মূল কারণ পৈতৃক জমি বিক্রি। রাজকিশোর গুপ্তের বাবা সম্প্রতি পরিবারের কিছু জমি বিক্রি করেছিলেন। এই সিদ্ধান্তে একেবারে ক্ষেপে লাল ছিল রাজকিশোর। তার অভিযোগ ছিল, জমি বিক্রির সময় তার কোনও মতামত নেওয়া হয়নি। যদিও জমি বিক্রির সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ তার বাবার। কিন্তু রাজকিশোর তার সমস্ত রাগ গিয়ে উগরে দেয় মা এবং ছোট ভাইয়ের ওপর। রবিবার এই বিষয় নিয়ে বাড়িতে প্রচণ্ড ঝগড়া শুরু হয়। তর্কের চরম পর্যায়ে রাজকিশোর নিজের আগ্নেয়াস্ত্র বের করে মা ও ভাইকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিসে খবর দেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সিনিয়র পুলিস অফিসার পলাশ বনসল জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পৈতৃক জমি বিক্রি নিয়ে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে।’
ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজকিশোর গুপ্ত পলাতক। পুলিশ তাকে ধরার জন্য চারটি বিশেষ টিম গঠন করে তল্লাশি শুরু করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
(Feed Source: zeenews.com)
