
পদত্যাগ করলেন তৃণমূল জমানায় নিয়োগ হওয়া মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷ রামানুজ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও।
সরকার বদলের পরেই বড় বদল শিক্ষা দফতরে! পদত্যাগ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, SSC-র চেয়ারম্যান
কলকাতা: সরকার বদলের পরেই বড় বদল শিক্ষা দফতরে৷ পদত্যাগ করলেন তৃণমূল জমানায় নিয়োগ হওয়া মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷ শুক্রবার প্রকাশ করা হয়েছিল মাধ্যমিকের ফলাফল। রামানুজ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। আজ তাঁরা পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন স্কুল শিক্ষা দফতরের সচিবের কাছে।
মুখ্যসচিবের দ্বায়িত্ব পেতে চলেছেন মনোজ কুমার আগরওয়াল। আজ, সোমবার পুলিশের বৈঠক চলাকালীন বলা হয় বলেই সূত্রের খবর। সোমবার বিধায়ক এবং জেলা শাসকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বৈঠক শেষে জানান হল, আগামী ১৩ মে এবং ১৪ মে শপথ নিতে চলছেন বিধায়করা৷ প্রথম দিন শপথ নেবেন উত্তরবঙ্গের বিধায়করা এবং পরের দিন হাওড়া মেদিনীপুর-সহ বাকি বিধায়করা শপথ নেবেন বলে জানালেন তিনি৷
এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পাঁচ মন্ত্রী ছাড়া আর কেউ শপথ নেননি৷ গত শনিবার ব্রিগেডের ময়দানে শুভেন্দুর সঙ্গেই শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। এদিনের বৈঠক শেষে ৫ মন্ত্রীরই দফতর বণ্টন করা হয়৷
প্রসঙ্গত, প্রথম দিন থেকেই দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ বিধায়ক, জেলা শাসকদের বৈঠকে সিন্ডিকেট রাজ বন্ধ করতে নির্দেশ দিলেন শুভেন্দু৷
এই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এলাকা এলাকায় সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে৷ অটো, টোটো স্ট্যান্ড থেকে কুপন ছাপিয়ে টাকা তোলা বন্ধ৷’’ অবৈধ বালিখাদান, কয়লা খাদান বন্ধ করতেও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ ‘‘আপনার জেলায় বিশেষ ভাবে নজর দিন’’, বীরভূম জেলার জেলাশাসককে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর।
