ঝোড়ো ক্যামিও খেলে দিল্লির জয় নিশ্চিত করলেন মিলার, হেরে চারে নামল পঞ্জাব

ঝোড়ো ক্যামিও খেলে দিল্লির জয় নিশ্চিত করলেন মিলার, হেরে চারে নামল পঞ্জাব

ধর্মশালা: আইপিএলের আরও একটা রুদ্ধশ্বাস ম্য়াচ। পঞ্জাব কিংসকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে দিয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকল দিল্লি ক্যাপিটালস। অক্ষর পটেলের দল ২১১ রান তাড়া করতে নেমেছিল। নিয়মিত ব্যাটিং লাইন আপে ভাঙন ধরলেও লোয়ার অর্ডারে ঝোড়ো অর্ধশতরান করলেন ডেভিড মিলার। আশুতোষ শর্মাও তাঁকে যোগ্য সঙ্গ দেন। শেষ পাঁচ ওভারেই জয়ের পথ থেকে দূরে সরে আসতে থাকে পঞ্জাব কিংস।

২১১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। ওপেনিংয়ে নামা কে এল রাহুল ও অভিষেক পোড়েল কেউই রান পাননি বড়। রাহুল একটি ইনিংস বাদ দিলে গোটা মরশুমে সেভাবে আর জ্বলে উঠতে পারেননি। এদিন ৯ রান করে ফিরলেন। অভিষেক ৫ রান করেন। সাহিল পারাখ ১৩ রান করেন। ত্রিস্টান স্টাবস দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যান। ক্যাপ্টেন অক্ষর পটেলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ১২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। দুরন্ত থ্রোয়ে তাঁর স্টাম্প ভেঙে দেন কুপার কনোলি। এরপরই জুটি বাঁধেন অক্ষর পটেল ও ডেভিড মিলার মিলে। ৩০ বলে ৫৬ রানের ইনিংস খেলে আউট হন অক্ষর। আউট হওয়ার আগে আটটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছিলেন অক্ষর। তিনিই লড়াইয়ের আভাস দিয়ে যান। মিলার যতক্ষণ ক্রিজে ছিলেন, চাপ ছিলই পঞ্জাবের পক্ষে। কারণ, এর আগেও অনেক অসাধ্য সাধন করেছেন এই প্রোটিয়া তারকা। এদিনও ২৮ বলে ৫১ রানের ঝেডা়ো ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। তবে শুধু মিলার নন, তাঁকে যোগ্য সঙ্গ দেন আশুতোষ শর্মা ১০ বলে ২৪ রানের ইনিংস খেলেন। দুটো বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান নিজের ইনিংসে। মাধব তিওয়ারিও ক্যামিও ইনিংস খেলেন লোয়ার অর্ডারে নেমে আট বলে ১৮ রানের ইনিংস খেলে। তিনি ২টো বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান। শেষ পর্য়ন্ত ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় দিল্লি ক্যাপিটালস।

এর আগে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর পটেল। প্রিয়াংশ আর্যর অর্ধশতরান পঞ্জাবের বড় ইনিংস গড়ার ভিত গড়ে দেয়। ৩৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেন প্রিয়াংশ আর্য। তিনি নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও আটটি ছক্কা হাঁকান। শ্রেয়স আইয়ারও অর্ধশতরানের ইনিংস খেলেন। সূর্যাংশ শেডগে ৮ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেছিলেন।