
বিতর্ক নিয়ে মুখ খুললেন দিলজিৎ
সঙ্গীতশিল্পী জানিয়েছেন, তাঁর কানাডার ক্যালগারিতে কনসার্টের সময়ে, ভিড়ের মধ্যে উপস্থিত কিছু দর্শক খলিস্তানের সমর্থনে পতাকা উড়িয়েছিলেন। এই ঘটনায় দিলজিৎ দোসাঞ্জ ক্ষিপ্ত হয়েছিলেন। তিনি খলিস্তানি সমর্থকদের এই কাজের প্রতিবাদ মঞ্চ থেকেই করেছিলেন দৃঢ়ভাবে। এখানেই শেষ নয়, তাঁদের পতাকা অন্য কোথাও নিয়ে যেতে বলেন। দিলজিৎ বার্তা দিয়েছিলেন, যে উদ্দেশ্যে তিনি কনসার্টটি করছেন, অর্থাৎ গান শোনানো, মানুষকে আনন্দ দেওয়া.. কনসার্টে শুধু যেন সেই বিষয়টুকুই হয়। অন্য কোনও বিষয় যেন সেখানে না উঠে আসে বা জায়গা না পায়। দিলজিৎ আরও লিখেছেন যে, খলিস্তানি পতাকা নিয়ে এইরকম কিছু একটা তাঁর শো-এ পরিকল্পনা করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে তিনি একেবারেই অবগত ছিলেন না। এই সম্পর্কে যা রটানো হচ্ছে, সবটাই মিথ্যা। বরং এই ঘটনা ঘটতে দেখে তিনি মঞ্চ থেকেই প্রতিবাদ করেন আর যাঁরা এই ধরণের পতাকা নিয়ে শো-এ এসেছিলেন তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দিলজিৎ-এর স্পষ্ট সতর্কবার্তা
দিলজিৎ পাঞ্জাবিতে লিখেছেন, ‘বাইরে দাঁড়িয়ে যে কেউ প্রতিবাদ করতে পারেন। কিন্তু যদি আপনারা আমার শো-এর ভিতরে এসে, আমার অনুরাগীদের বিরক্ত করার চেষ্টা করেন, তবে তা বরদাস্ত করা হবে না। যদি কেউ ব্যানার বা পতাকা নিয়ে আসেন, তাহলে তার অর্থ হল, তাণরা দেখাতে চান যে, তাঁরা কোনও বিশেষ জায়গা থেকে এসেছেন এবং আমাদের সমর্থন করতে এসেছেন।’ দিলজিৎ আরও লেখেন, ‘যদি আপনারা সেই একই ব্যানার নিয়ে বাইরে দাঁড়িয়ে আমার অনুরাগীদের উদ্দেশে খারাপ কথা বলেন, এবং তারপর সেই একই কাজ ভেন্যুর ভিতরে করার চেষ্টা করেন, তাহলে আমি এটা বরদাস্ত করব না। এটা কোনও বিশেষ ব্যানার বা পতাকার বিষয়ে নয়। কথা হল এর পেছনের উদ্দেশ্য নিয়ে।’
(Feed Source: abplive.com)
