আইপিএল শেষেই অধিনায়কত্ব হারাবেন ৩ জন! তালিকায় একের পর এক মহাতারকা

আইপিএল শেষেই অধিনায়কত্ব হারাবেন ৩ জন! তালিকায় একের পর এক মহাতারকা

আইপিএল ২০২৬ শেষ হওয়ার আগেই অন্তত তিনজন অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অন্দরের খবর অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের অক্ষর পটেল, কলকাতা নাইট রাইডার্সের অজিঙ্কা রাহানে এবং লখনউ সুপার জায়ান্টসের ঋষভ পন্থ আগামী মরশুমে অধিনায়কত্ব হারাতে পারেন। টানা দুই মরশুম ধরে দলকে নেতৃত্ব দিলেও তাঁরা কেউই দলকে ধারাবাহিক সাফল্য এনে দিতে পারেননি।

সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। কারণ লখনউ ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ব্যাট হাতে পন্থের পারফরম্যান্সও আশানুরূপ হয়নি। ১১ ম্যাচে তিনি করেছেন ২৫১ রান, স্ট্রাইক রেট ১৩৮। তবে সবচেয়ে হতাশাজনক বিষয়, পুরো মরশুমে তিনি মাত্র ৯টি ছক্কা মেরেছেন। অধিনায়ক হিসেবে একাধিক ব্যাটিং পজিশনে পরীক্ষা-নিরীক্ষাও সমালোচনার মুখে পড়েছে।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে। ব্যাট হাতে ৯ ইনিংসে মাত্র ১০০ রান করেছেন তিনি। তার মধ্যে অর্ধেকের বেশি রান এসেছে একটি ইনিংস থেকেই। বোলিংয়েও নিজেকে পুরোপুরি ব্যবহার করেননি অক্ষর। ১২ ম্যাচে মাত্র ৩৬ ওভার বল করে ১০ উইকেট নিয়েছেন। দলের কৌশলগত সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছে। তরুণ ক্রিকেটারদের ব্যবহার এবং ব্যাটিং অর্ডারে ঘনঘন পরিবর্তন দলের ক্ষতি করেছে বলে মত অনেকের।

অন্যদিকে, কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানের ভবিষ্যৎও অনিশ্চিত। অনেকের মতে, তাঁকে অস্থায়ী সমাধান হিসেবেই অধিনায়ক করা হয়েছিল। রাহানের অধিনায়কত্বর পাশাপাশি তাঁর ধীরগতির ব্যাটিং কেকেআরের সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত রান তোলার যে প্রয়োজন, তা পূরণ করতে পারেনি কেকেআরের টপ অর্ডার। রাহানে ১১ ম্যাচে ২৩৭ রান করেছেন ১৩৩ স্ট্রাইক রেটে। ২ মরশুম ধরে অধিনায়কত্ব করেও দল তেমন কোন ও আহামরি পারফরম্যান্স দেখাতে পারেনি।

বিশেষজ্ঞদের মতে, অক্ষর ও পন্থ এখনও ক্রিকেটার হিসেবে বড় দলগুলির আগ্রহ পেতে পারেন। কিন্তু রাহানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সবচেয়ে বেশি। বয়স ৩৭ হওয়ায় আধুনিক টি-টোয়েন্টির দ্রুত গতির সঙ্গে তিনি আর কতটা মানিয়ে নিতে পারবেন, তা নিয়েও প্রশ্ন উঠছে।

(Feed Source: news18.com)