Viral Video: ফিলিপিন্সে বেড়াতে গিয়ে জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন একদল বন্ধু। রিসর্টের টয়লেটের ভিতর থেকে আচমকাই বেরিয়ে এল একটি সাপ। তারপর? দেখলে শিউরে উঠবেন…
টয়লেটে সাপ!
কলকাতা: ফিলিপিন্সে বেড়াতে গিয়ে জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন একদল বন্ধু। রিসর্টের টয়লেটের ভিতর থেকে আচমকাই বেরিয়ে এল একটি সাপ। প্রথমে সেটিকে ব্লক হওয়া টয়লেট বলে মনে হলেও পরে পরিস্থিতি আতঙ্কে বদলে যায়।
ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের সালভাদর বেনেডিক্টো এলাকার একটি রিসর্টে, যা নর্দার্ন নেগ্রোস ন্যাচারাল পার্কের ভিতরে অবস্থিত। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বহু নেটিজেনের দাবি, সেটি সম্ভবত একটি কিং কোবরা ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বন্ধু ওই রিসর্টে ছুটি কাটাতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন বাথরুমে ঢুকে টয়লেটের ভিতরে অস্বাভাবিক কিছু দেখতে পান। প্রথমে তাঁর মনে হয় টয়লেট ঠিকমতো ফ্লাশ করা হয়নি। তাই তিনি আবার ফ্লাশ করেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই টয়লেটের পাইপের ভিতর থেকে একটি সাপ মাথা তুলে বেরিয়ে আসে। ভয়ে আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি দ্রুত বাইরে বেরিয়ে বন্ধুদের খবর দেন। যদিও প্রথমে বন্ধুরা বিষয়টিকে মজা বলে উড়িয়ে দিয়েছিলেন। পরে নিজেরা দেখে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন।
ভাইরাল ভিডিওতে ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য
পরে ঘটনাটির একটি ভিডিও সামনে আসে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি লম্বা একটি কাঠি হাতে নিয়ে সাবধানে টয়লেটের ঢাকনা তুলছেন। এরপর টয়লেটের ভিতরে সাপটিকে নড়াচড়া করতে দেখা যায়। কিছুক্ষণ পর সাপটি মাথা তুলে তাকায় এবং জিভ বের করে চারপাশ পর্যবেক্ষণ করতে থাকে। আতঙ্কের মধ্যেও দূরত্ব বজায় রেখে সাপটি জীবিত কিনা তা দেখার চেষ্টা করেন উপস্থিতরা। বন্ধুদের একজন জানান, প্রথমে তাঁরা ভেবেছিলেন এটি সাধারণ জলসাপ। পরে রিসর্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।