
Agewise Walking Rule: শরীর সচল রাখতে হাঁটার মতো ব্যায়াম হয় না। কিন্তু কোন বয়সে কতটা হাঁটলে আপনি ‘সেফ’ থাকবেন? কোনটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে আর কতটুকু হাঁটলে আপনি ফিট? এই প্রশ্নের উত্তর জানা জরুরি। এর জন্য জেনে নেওয়া যাক বিশেষজ্ঞ ও গবেষকরা কী বলছেন।
সব ব্যায়ামের সেরা ব্যায়াম হল হাঁটা। সুস্থ থাকতে চিকিৎসকেরা প্রতিদিন হাঁটার পরামর্শ দেন। হাঁটা একটি খুব সহজ শরীরচর্চা। হাঁটলে শরীর ভাল থাকে, রক্ত সঞ্চালন ভাল হয় এবং হার্ট ভাল থাকে। কিন্তু কোন বয়সে কতটা হাঁটা উচিত তা ভেবে দেখেছেন আপনি কখনও?
চিকিৎসকদের একাংশের মতে হাঁটা যেমন ওজন কমিয়ে চেহারা সুন্দর রাখতে সাহায্য করে ঠিক তেমনই হেঁটেই উচ্চ রক্তচাপ কমানো যায়। তবে হাঁটতে হবে নিয়ম মেনে ও সময় ধরে। বয়স অনুপাতে হাঁটার সময়ও আলাদা।
অর্থাৎ একজন ১৮ বছরের তরুণ বা তরুণী যতটা হাঁটবেন, ষাট বছর বয়সিদের হাঁটার হিসাব কিন্তু মোটেই তার সমান হবে না। এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন, কোন বয়সে কতটা হাঁটলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, তার নির্দিষ্ট হিসাব আছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, ২০ থেকে ৪০ বছর বয়স যাদের, তাঁরা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা হাঁটুন। এক্ষেত্রে শুরুটা হতে পারে ৩০ মিনিট দিয়ে, ধীরে ধীরে ৪৫ মিনিট ও তারপর ১ ঘণ্টায় পৌঁছতে পারেন। দিনে ১০ হাজার পা হাঁটতেই হবে এমন কড়া নিয়ম নেই।
হার্ভার্ডের গবেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক মহিলাদের ক্ষেত্রে দৈনিক প্রায় ৭,৫০০ পদক্ষেপ পর্যন্ত হাঁটার ফলে মৃত্যুর ঝুঁকি ক্রমাগত কমতে দেখা যাচ্ছে এবং এর বেশি হাঁটলে তেমন কোনও বাড়তি সুবিধা পাওয়া যায়নি, যা ১০,০০০ পদক্ষেপ হাঁটার প্রচলিত ধারণাটিকে কার্যত চ্যালেঞ্জ করে। এর সারমর্ম হল: বয়স্ক মানুষের জন্য প্রায় ৭,০০০–৭,৫০০ পা হাঁটা একটি বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে।
যাদের উচ্চ রক্তচাপের সমস্যা নেই, তাদেরও ১৮ থেকে ৪০ বছর বয়সিরা ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা হাঁটা উচিত। বয়স কম হলে ব্রিস্ক ওয়াকিং বা দ্রুতগতিতে হাঁটা ভাল।
একইসঙ্গে ইন্টারভাল ওয়াকিংও খুবই কার্যকরী। বিশেষ করে ৩০ থেকে ৪০ বছর বয়সে ইন্টারভাল ওয়াকিং বেশি উপকারী। শুরুটা দ্রুত গতিতে করে তারপর খানিক বিশ্রাম নিয়ে আবার হাঁটতে হবে।
৪০+ থেকে ৬০ বছর বয়সে দিনে ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট হাঁটা ভাল। মাঝারি থেকে দ্রুত গতিতে হাঁটতে পারেন। চাইলে কেউ ৪৫ মিনিটও হাঁটতে পারেন।
এক্ষেত্রে আপনার হাঁটার পরিমান নির্ভর করবে শারীরিক সক্ষমতার উপর। কারণ, এই বয়সে অনেকেরই হাড় দুর্বল হতে শুরু করে, গোড়ালি, হাঁটুতে ব্যথা শুরু হয়। তাই শরীর বুঝে হাঁটার সময় নির্ধারণ করতে হবে।
৬০-এর উপরে বয়স হলে দিনে ২০ থেকে ৩০ মিনিট হাঁটলেও হবে। সে ক্ষেত্রে হাঁটার গতি ধীরে হতে হবে। খুব দ্রুত গতিতে হাঁটা যাবে না। শরীরকে অতিরিক্ত ব্যায়ামের দিকে ঠেলে দেওয়া কাম্য নয় কখনও এই বয়সে।
(Feed Source: news18.com)
