
Home Hacks: অনেকের বাড়িতেই একটা বড় সমস্যা হল, ক্রমাগত রান্নাঘর ও বাথরুমের কল থেকে জল পড়া! দিনরাত কল থেকে টুপটুপ করে জল পড়েই চলেছে? প্লাম্বার ডাকতে হবে না, ৫ মিনিটে আপনিই সারিয়ে ফেলুন, লাগবে না একটা টাকাও! জেনে নিন সুপারহিট পদ্ধতি
রান্নাঘর কিংবা বাথরুমের কল থেকে টুপটুপ করে জল পড়েই চলেছে? এই দৃশ্য কম-বেশি অনেকের বাড়িতেই দেখা যায়! বার বার কল শক্ত করে বন্ধ করলেও সমস্যা মেটার নাম নেই! রাতে তো জল পড়ার শব্দে অনেকের ভয়ে ঘুম-ই ভেঙে যায়! তবে এবার মুশকিল আসান সহজেই! ডাকতে হবে না প্লাম্বার! আপনি নিজেই মাত্র ৫ মিনিটে সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন! খরচা হবে না একটা টাকাও! কীভাবে?
বাথরুম বা রান্নাঘরের কল থেকে যদি একটানা জল পড়তে থাকে, তাহলে হয়তো কলের কোনও অংশ ঢিলে হয়ে গিয়েছে। অনেক সময় ওয়াশার ক্ষয়ে গেলে বা কার্টিজে ময়লা জমলেও এমন সমস্যা দেখা দেয়। কীভাবে মিস্ত্রি না ডেকেই এই সমস্যা মেটাবেন?
কল মেরামত করতে কী কী লাগবে? একটি স্ক্রু ড্রাইভার, পুরনো টুথব্রাশ, একটি কাপড়, টেফলন টেপ এবং সম্ভব হলে নতুন ওয়াশার বা ও-রিং। কল সারানোর আগে অবশ্যই বাড়ির মূল জল সরবরাহ বন্ধ করে দিন, না হলে জল বেরিয়ে যেতে পারে। চাইলে যে কলটি থেকে জল পড়ছে, তার অ্যাঙ্গেল ভালভটিও বন্ধ করে দিতে পারেন। এছাড়া সিঙ্ক বা বেসিনের ড্রেন বন্ধ করে রাখুন, যাতে ছোট কোনও যন্ত্রাংশ ড্রেনের ভিতরে পড়ে না যায়।
কল থেকে জল পড়ার সবচেয়ে বড় কারণ হল ওয়াশার বা ও-রিং ক্ষয়ে যাওয়া। পুরনো ধরনের কলগুলিতে এই সমস্যা বেশি দেখা যায়। প্রথমে কলের উপরের ক্যাপটি খুলে ফেলুন। তারপর স্ক্রু খুলে হ্যান্ডেলটি বার করুন। অনেক সময় ভিতরের রাবারের ওয়াশার ক্ষয়ে যায়, ফলে কল ঠিকভাবে বন্ধ হয় না এবং জল পড়তে থাকে। সেই ওয়াশারটি বদলে নতুন ওয়াশার লাগিয়ে দিন এবং সবকিছু ভালভাবে শক্ত করে স্ক্রু দিয়ে আটকে দিন।
কয়েক দিনের জন্য চাইলে পুরনো ওয়াশারটি উল্টো করে লাগিয়েও ব্যবহার করতে পারেন। যদি সেটি খুব বেশি ক্ষয়ে না যায়, তাহলে ভালভাবে পরিষ্কার করে আবার লাগিয়ে দিন। এতে সাময়িকভাবে কিছুদিনের জন্য জল পড়া বন্ধ হতে পারে। পরে সময় হলে নতুন ওয়াশার কিনে প্লাম্বারের সাহায্যে বদলে নিতে পারবেন।
কলের জয়েন্ট থেকে যদি জল পড়ে, তাহলে সেখানে ৫-৬ বার টেফলন টেপ বা ওয়াটারপ্রুফ টেপ পেঁচিয়ে দিতে পারেন। চাইলে জল পড়ার জায়গায় কয়েকবার কাপড় জড়িয়ে বেঁধেও রাখতে পারেন। এতে জলের ছিটে ও শব্দ দুটোই কমবে। অনেক সময় কলের জালের মধ্যে ময়লা জমে যাওয়ার কারণে ঠিকভাবে জল বেরোয় না। সেই ময়লা পরিষ্কার করতে একটি পাত্রে জল ফুটিয়ে নিন। তারপর ফুটন্ত জলের ভাপ কলের মুখের কাছে প্রায় ৫ মিনিট ধরে লাগতে দিন। গরম ভাপে জমে থাকা ময়লা নরম হয়ে যাবে। এরপর কল খুললে জলের গতি আগের থেকে বেড়ে যাবে।
বাড়িতে যদি ওয়াটারপ্রুফ টেপ না থাকে, তাহলে পুটি বা সিল্যান্টও ব্যবহার করতে পারেন। জল পড়ার জায়গায় পুটি বা সিল্যান্ট লাগিয়ে কয়েক ঘণ্টা কল ব্যবহার করবেন না। শুকিয়ে গেলে জল পড়ার সমস্যা সহজেই ঠিক হয়ে যায়।
(Feed Source: news18.com)
