সহজে টেস্ট ক্যাপ বিলি নয়, ফাস্ট বোলারদের নিয়ে হবে আলোচনা, আগরকরের সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই!

সহজে টেস্ট ক্যাপ বিলি নয়, ফাস্ট বোলারদের নিয়ে হবে আলোচনা, আগরকরের সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই!
মুম্বই: আপাতত রমরমিয়ে চলছে আইপিএলের মহারণ। তবে ৩১ মে আইপিএল শেষ হতেই কিন্তু একেবারে টি-টোয়েন্টি থেকে সোজা টেস্ট মোডে ঢুকতে হবে ভারতীয় দলের ক্রিকেটারদের। ৬ জুন থেকে শুরু হবে ভারত বনাম আফগানিস্তানের (IND vs AFG) একমাত্র টেস্ট ম্যাচ। সেই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও, নির্বাচকরা সহজে যে কাউকে টেস্ট ক্যাপ দিতে রাজি নন।

TOI-র রিপোর্ট অনুযায়ী মোটামুটি আইপিএলের প্লে-অফের স্থানগুলি নিশ্চিত হয়ে গেলেই আগামী সাত-দশদিনের মধ্যে ভারতীয় নির্বাচকমণ্ডলী বৈঠকে বসে ভারতীয় দল নিয়ে আলোচনা সারবেন। সেই বৈঠকে কয়েকজন ফাস্ট বোলারদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য বাছাই করে, তাঁদের প্রস্তুত করার কথাবার্তা হতে পারে বলে খবর। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) দল আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। তাই তাঁর আফগানিস্তানের বিরুদ্ধে খেলা এবং তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।

মহম্মদ সিরাজ সাম্প্রতিক সময়ে প্রচুর বোলিং করেছেন। আইপিএলে তাঁর দল প্লে-অফে পৌঁছনোর দোরগোড়ায়। তাই আইপিএলেও তাঁকে বেশ খানিকটা ওয়ার্কলোড নিতে হবে। আইপিএলে বাড়তি ওয়ার্কলোড নিয়ে বোলিং করা বোলারদের এই আসন্ন টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। কারণ নির্বাচকরা চান সিরাজ, বুমররা ভারতের বাকি নয় টেস্টেই তাঁরা যেন খেলতে পারেন। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোয়ালিফাই করার পথটা বেশ কঠিন, তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ সবকয়টি ম্যাচেই সেরা একাদশ নিয়ে নামতে বদ্ধপরিকর নির্বাচকরা। সেই কারণেই আফগানদের বিরুদ্ধে খানিকটা বদলের আশা করা হচ্ছিল।

তবে এক সূত্র জানান, ‘ভারত আফগানিস্তানের বিপক্ষে খেলবে বলে নির্বাচকরা যাকে তাকে টেস্ট ক্যাপ দিয়ে দিতে চান না। ওঁরা সেরা একাদশকেই খেলাতে চান। ওত সহজে টেস্ট ক্যাপ বিলানোর পক্ষে নন ওঁরা। সিরাজের ওয়ার্কলোড প্রচুর বেশি। বুমরার বিষয়ে সিদ্ধান্তটি আলাপ আলোচনার পরেই নেওয়া হবে। মনে রাখতে হবে শেষবার ভারত যখন আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছিল, তখন কিন্তু সেরা একাদশই নেমেছিল।’ 

আফগানদের বিরুদ্ধে কারা সুযোগ পেতে পারেন? রিপোর্ট অনুযায়ী, রঞ্জি ট্রফিতে ভাল পারফর্ম করা আকিব নবি নির্বাচনের দৌড়ে রয়েছেন। তবে এক্ষেত্রে বিষয় হল তিনি ‘এ’ দলের অঙ্গ ছিলেন না, প্রিন্স যাদব আইপিএলে ভাল পারফর্ম করলেও, তিনি প্রথম শ্রেণির ক্রিকেট প্রায় খেলেনইনি। তবে অংশুল কম্বোজ গত বছরে টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন। তাঁর এবং গুরনুর ব্রারের ওয়ার্কলোড ধীরে ধীরে বাড়াতে বলা হয়েছে। আশা করা হচ্ছে তাঁরা নির্বাচনের দৌড়ে থাকবেন। আইপিএলে নীতীশ কুমার রেড্ডির বাড়তি পেস এবং বোলিং দেখেও বেশ আনন্দিত নির্বাচকরা।  এবার দেখার শেষমেশ আফগানদের বিরুদ্ধে কারা ভারতীয় দলে সুযোগ পান।

(Feed Source: abplive.com)