মেলোনির সঙ্গে রোম-দর্শন মোদির, বন্ধুকে উপহার দিলেন ‘মেলোডি’ চকোলেট, ভিডিও ভাইরাল

মেলোনির সঙ্গে রোম-দর্শন মোদির, বন্ধুকে উপহার দিলেন ‘মেলোডি’ চকোলেট, ভিডিও ভাইরাল

 

নয়াদিল্লি: ‘এদিকে ত্বরিত সূর্য রোমের আকাশে/যদিও কুয়াশাঢাকা আকাশের নীল…’, নিজের কবিতায় রোমের প্রাচীন ধ্বংসাবশেষ, গ্লানিময় ইতিহাসের কথা তুলে ধরেছিলেন সুকান্ত ভট্টাচার্য। কিন্তু পড়ন্ত বিকেলের আলোয় রোম থেকে ‘বন্ধুতা’র আখ্য়ান লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ‘বন্ধু’ মোদিকে রোম দেখালেন মেলোনি। আর তাঁর হাতে ‘মেলোডি’ চকোলেট তুলে দিলেন মোদি। (Narenadra Modi-Giorgia Meloni Meet)

বিদেশ সফরের শেষ চরণে রোম পৌঁছন মোদি। সেখানে মোদিকে রোম ঘুরিয়ে দেখান খোদ মেলোনি। মোদিকে ঐতিহাসিক কলোসিয়াম দেখান। গভীর আলোচনাও করতে দেখা যায় তাঁদের। দু’জনে একসঙ্গে নৈশভোজও সেরেছেন। মেলোনির সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেছেন মোদি, কখনও গাড়িতে চেপে গন্তব্যের পথে, কখনও আবার খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে। কলোসিয়ামেও একসঙ্গে ছবি তোলেন তাঁরা। (Narendra Modi)

শুধু তাই নয়, মেলোনির জন্য বিশেষ উপহারও নিয়ে যান মোদি। একটি ভিডিও পোস্ট করেছেন মেলোনি। সেখানে মোদির হাতে ‘Melody’ চকোলেটের বড় প্যাকেট দেখা গিয়েছে। মেলোনিকে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদি সুস্বাদু টফি এনেছেন।” পাশ থেকে মোদি বলে ওঠেন, “মেলোডি”। এর পরই একসঙ্গে হেসে ওঠেন তাঁরা।  

মোদি এবং মেলোনির ‘বন্ধুতা’কে সামনে রেখে, তাঁদের ‘মেলোডি’ বলে সম্বোধন করেন অনুরাগীরা। মেলোনি এবং মোদি, দুই পদবী মিলিয়ে ওই শব্দবন্ধ ব্যবহার করেন অনেকেই। ঘটনাচক্রে ভারতে ‘Melody’ নামের টফিও অত্যন্ত জনপ্রিয়। ফলে সেই তুলনাও উঠে আসে ঘুরেফিরে। বিজ্ঞাপনের ট্যাগলাইন ছিল ‘মেলোডি ইতনী চকোলেটী কিউঁ হ্যায়!’ মোদি এবং মেলোনির ‘বন্ধুতা’ নিয়েও ওই ট্যাগলাইবের ব্যবহার চোখে পড়ে। তবে এবার খোদ মোদিই ওই চকোলেট নিয়ে হাজির হলেন।

মেলোনি ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই ওই ছবি এবং ভিডিও রিশেয়ার করেছেন। প্রতিক্রিয়াও জানিয়েছেন বহু মানুষ।

(Feed Source: abplive.com)