
Rishabh Pant Abuses: অকথ্য ভাষায় গালিগালাজ করলেন ঋষভ পন্থ। খেলার শেষে তাঁর ভিডিয়ো ভাইরাল। নেটপাড়া প্রশ্ন তুলছে শব্দচয়ন নিয়ে। এ কী করলেন পন্থ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে ২০২৬ (IPL 2026) প্লে-অফের দৌড় থেকে সবার আগে ছিটকে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) ৭০৯০ কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি টানা তিন বছর কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। গত ১৯ মে আইপিএলের ৬৪ নম্বর ম্যাচে জয়পুরে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস (RR vs LSG) মুখোমুখি হয়েছিল। সোয়াই মানসিং স্টেডিয়ামে লখনউ টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২২০ ( মিচেল মার্শ ৫৭ বলে ৯৬, জশ ইঙ্গলিস ২৯ বলে ৬০) রান করেছিল। জবাবে রাজস্থান ৫ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ বার করে নেয়। যশস্বী ২৩ বলে ৪৩ রান করেছেন। বৈভবের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৯৩। ৭ চার ১০ ছয় মেরছে সে। ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন ধ্রুব জুরেল। এই নিয়ে আইপিএলে ৯ নম্বর ম্যাচ হারল ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বাধীন টিম। আর খেলার শেষে তিনি অকথ্য গালিগালাজ লাইভ টিভিতে! যা এখন রীতিমতো ভাইরাল। নেটপাড়া রীতিমতো পন্থের ছিছিক্কার করেছে!
পন্থ কী বললেন খেলার শেষে
খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পন্থের সঙ্গে কথা বলছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার ও অধুনা ক্রিকেট পণ্ডিত ইয়ান বিশপ। কথা বলার ফাঁকেই পন্থ F-Bomb ফাটিয়েছেন। পন্থ বলেছেন, ‘আমাদের বর্তমান পরিস্থিতি যেমনই হোক না কেন, দল হিসেবে আমরা গর্বিত। আপনারা তো জানেনই, আমাদের দলটি যেমন, তাতে আমরা নিশ্চিতই ছিলাম যে আমরা জিতব। অন্য সবকিছু বাদ দিলেও, দল হিসেবে এবং ব্যক্তিগত ভাবে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। পরিস্থিতি হয়তো আমাদের অনুকূলে ছিল না। এটা সবাই জানে। কিন্তু এই সত্যিটা আর অস্বীকার করা যাবে না যে, আমরা আমরা ফা*** ভালো দল। মাঝে মাঝে কাজটা বেশ কঠিন হয়ে পড়ে। এমন ফ্ল্যাট উইকেটে বোলারদের জন্য সুযোগ খুব কমই থাকে। একসঙ্গে অনেক বেশি পরামর্শ বা নির্দেশ পেলে তা হিতে বিপরীত হতে পারে। তাই কখনও কখনও পরিকল্পনা একদম সহজ-সরল রাখাটাই শ্রেয়। তখন শুধু একবারে একটি বলের ওপরই ফোকাস থাকে। সেই পরিকল্পনা নিখুঁত ভাবে বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যেতে হয়।’ রাজস্থানের দুই ওপেনার বৈভব ও যশস্বী বাঁ-হাতি। তাঁরাই খেলা ঘুরিয়ে দিয়েছে বলেই মত পন্থের। তাঁর সংযোজন, ‘নিঃসন্দেহে বাঁ-হাতি ব্যাটাররাই ছিল আসল ফ্যাক্টর। ওরা বেশ দীর্ঘ সময় ধরে ব্যাটিং করেছে। আর ঠিক সেই মুহূর্তে একজন বাঁ-হাতি স্পিনারকে বোলিংয়ে নামাতে আমি চাইছিলাম না। কারণ আমাদের দলে দিগ্বেশ রাঠি তো ছিলই। তাই রাঠি যখন দলে আছেই, তখন শ্যাবিকে দিয়ে অকারণে ঝুঁকি নেওয়ার কী প্রয়োজন?’
পন্থ সার্বিক ভাবেই হতাশ করেছেন
এলএসজি ২৭ কোটি টাকায় পন্থকে রিটেইন করেছে আইপিএলে। তিনি টানা দ্বিতীয় মরসুমে চরম হতাশাই উপহার দিয়েছেন। অধিনায়ক পন্থ ১৩ ম্যাচে মাত্র ২৮৬ রান করেছেন। ১৪০.১৯ স্ট্রাইক রেট তাঁর। রয়েছে মাত্র একটি অর্ধ-শতক। তাঁর গত আইপিএল ছিল ভুলে যাওয়ার মতো মরসুম। যেখানে তিনি ১৪ ম্যাচে একটি শতক ও একটি অর্ধশতক-সহ মোট ২৬৯ রান করেছিলেন এবং তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৩.১৬। এই মরসুমে পন্থ নিজের খেলা ১২ ইনিংসের মধ্যে ৭টিতেই ২০ বা তার কম রান করেছেন। পন্থের বিষয়টি এখন ওপেন সিক্রেট। অধিনায়কত্ব তার জন্য নয়। তিনি বিভিন্ন পজিশনে ব্যাটিং করার চেষ্টা করেছেন, কিন্তু দেখে মনে হয়েছে যেন নিজের কাঁধে হাজার টনের বোঝা নিয়ে মাঠে নেমেছেন। ফ্র্যাঞ্চাইজি ইকোসিস্টেমে তাৎক্ষণিক ফলাফলই স্বাভাবিক। সেখানে পরপর দুই মৌসুমে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া, এলএসজি-র মালিক সঞ্জীব গোয়েঙ্কার কাছে ভালো লাগার কথা নয়। গোয়েঙ্কা ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়েছেন। কিন্তু দেখতে গেলে সেই টাকা জলেই গিয়েছে পুরো। কসময় তাঁর সাবলীল মারকুটে ব্যাটিং ছিল বাইশ গজের চর্চায়। সেই পন্থের ফর্ম এখন ডুমুরের ফুল। দল গঠনের কিছু সিদ্ধান্ত, এমনকী এলএসজি-র কট্টর সমর্থকদেরও হতবাক করে দিয়েছে। মনে করা হচ্ছে পন্থ সম্ভবত পরের মরসুমে আর নেতা থাকবেন না।
(Feed Source: zeenews.com)
