Us Iran War: এপিক ফিউরি ২.০: তৈরি হিটলিস্ট, সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে আমেরিকা? এবার ধ্বংসই হয়ে যাবে ইরান?

Us Iran War: এপিক ফিউরি ২.০: তৈরি হিটলিস্ট, সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে আমেরিকা? এবার ধ্বংসই হয়ে যাবে ইরান?

 

Epic Fury 2.0: টার্গেট লিস্ট তৈরি হয়ে গেছে। হিটলিস্টে রয়েছে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি থেকে মিসাইল ফ্যাক্টরি, মিলিটারি বেস এবং তার কম্যান্ড সেক্টর। ইতিমধ্যেই ইজরায়েলি সেনা ও মার্কিন সেন্ট্রাল কমান্ড জরুরি বৈঠকও করেছে।

ইরানের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে আমেরিকা? বড়সড় সামরিক পদক্ষেপ? শুরু হয়ে গিয়েছে ‘এপিক ফিউরি ২.০’ নিয়ে জল্পনা। কারণ আমেরিকা ও চিন, দুই শক্তিধর দেশই দুটি বিষয়ে সহমত হয়েছে যে- এক, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না আর দুই, হরমুজ প্রণালী খুলে দিতে হবে।

আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন সফর শেষে আমেরিকা ইরান নিয়ে বড়সড় সামরিক পদক্ষেপ করতে চলেছেন বলে মনে করছে কূটনৈতিক মহল। আমেরিকা ইরানের উপর পুনরায় বিমান হামলা শুরুর পরিকল্পনা করছে বলেও সেদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে,  ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী খুলে দিতে হবে আর যুক্তরাষ্ট্র কখনও ইরানকে পারমাণবিক অস্ত্র ক্ষমতায় বলীয়ান হতে দেবে না।

আর তাই সামরিক থেকে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী সপ্তাহেই হয়তো ইরানে বড়সড় হামলা চালতে পারেন ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানইয়াহু। টার্গেট লিস্টও তৈরি হয়ে গিয়েছে। নতুন করে হামলা চালানোর লক্ষ্যে ইতিমধ্যেই ইজরায়েলি সেনা ও মার্কিন সেন্ট্রাল কমান্ড জরুরি বৈঠকও করেছে। সেই বৈঠকেই ইরানের কোন কোন টার্গেটে এবার ‘হিট’ করা হবে, তার তালিকা তৈরি করা হয়েছে বলে খবর।

যে হিটলিস্টে রয়েছে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি থেকে মিসাইল ফ্যাক্টরি, মিলিটারি বেস এবং তার কম্যান্ড সেক্টর। প্রসঙ্গত, ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। তারপর দুই দেশের মধ্যে একাধিকবার চুক্তির চেষ্টা হলেও, তা বাস্তব রূপায়ন হয়নি। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টা ব্যর্থ। পাকিস্তানের মধ্যস্ততায় যে শান্তি চুক্তি রূপায়ণের চেষ্টা করা হয়েছিল, তাও ব্যর্থ হয়েছে।

এদিকে ইরান হরমুজে পূর্ণ কর্তৃত্ব দাবি করেছে। আর তাতেই আবার যুদ্ধের অশনিসংকেত! কারণ ইরানের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই একদিকে হরমুজ, আরেকদিকে পারমাণবিক অস্ত্র- এই দুইকে কেন্দ্র করেই ফের নতুন করে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এরমধ্যেই, আমেরিকা ফের যুদ্ধ শুরু করলে, ফল যে ভালো হবে না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও।

(Feed Source: zeenews.com)