
বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ইনস্টাগ্রামে CJP-র ফলোয়ার সংখ্যা ১ কোটি ২২ লক্ষ ছাড়িয়ে যায়। কিন্তু তার কিছু ক্ষণ পর থেকেই আর X-এ CJP-র হ্যান্ডলের নাগাল পাওয়া যাচ্ছিল না। গতকাল রাতে ইনস্টাগ্রামেও একই সমস্যা হয়েছিল। তাই বিভ্রান্তি ছড়ায় অনুগামীদের মধ্যে। শেষ পর্যন্ত অভিজিৎ নিজেই মুখ খুললেন।
একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন অভিজিৎ, যাতে তাঁকে বলতে শোনা যায়, “যা ভয় পেয়েছিলাম, তাই হল। প্রথমে অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে। হ্যাক করতে না পেরে ভারতে আমাদের X হ্যান্ডল নিষিদ্ধ হল। সকলে গিয়ে দেখতে পারেন। ভারতের কেউ দেখতে পারছেন না। আপনারা সকলে সরব হন।প্রশ্ন করুন কেননিষিদ্ধ করা হল। আমরা অন্যায় কিছু তো লিখিনি! এক পড়ুয়া আত্মহত্যা করেছে। আমরা শুধু মন্ত্রীর পদত্যাগ চেয়েছিলাম। চেয়েছিলাম সরকার দায় নিক। তাতেই অ্য়াকাউন্ট নিষিদ্ধ করে দিল।”
নিজের X হ্যান্ডলেও সেই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিজিৎ। তিনি লেখেন, ‘যেমনটা আশঙ্কা ছিল, ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট ভারতে আটকে দেওয়া হয়েছে’। X-এ ‘ককরোচ জনতা পার্টি’র হ্যান্ডলে গেলে দেখা যায়, ভারত থেকে সেটি দেখা যাবে না। কারণ হিসেবে বলা হয়েছে, আইনি দাবি মেনে এমন সিদ্ধান্ত। বিভিন্ন দেশের আইন X-এর উপর প্রযোজ্য বলেও লেখা রয়েছে। তবে বিশদে কিছু খোলসা করা হয়নি।
তবে ইনস্টাগ্রামে CJP-র অ্যাকাউন্টটি এখনও আছে। লাফিয়ে ফলোয়ার বাড়ছে সেখানে। X-এ এই মুহূর্তে #CockroachJantaParty ট্রেন্ড করছে। এখনও পর্যন্ত CJP-তে নাম নথিভুক্ত করিয়েছেন প্রায় ৬ লক্ষ মানুষ। রাজনীতিক থেকে বলিউড, তারকারা পর্যন্ত তাদের সমর্থনে এগিয়ে এসেছেন।
(Feed Source: abplive.com)
