)
Delhi riots 2020 Case Umar Khalid Gets Interim Bail: নিম্ন আদালতে খারিজের পর দিল্লি হাইকোর্ট তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছে। অসুস্থ মায়ের দেখাশোনা করার জন্য ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত জামিনে মুক্ত থাকবেন উমর খালিদ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্তর্বর্তী জামিন মঞ্জুর উমর খালিদের। দিল্লি হিংসা মামলায় ২ দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর জেলবন্দি ছাত্রনেতা উমর খালিদের। অসুস্থ মায়ের দেখাশোনার আদালতের কাছে আবেদন করেছিলেন তিনি। আদালত তাঁকে ২ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।
আদালতে উমর খালিদ আবেদন করেন যে তাঁর মা অসুস্থ। আগামী ২ জুন একটি বেসরকারি হাসপাতালে তাঁর ‘লাম্প এক্সিসন’ বা টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। এই সময়ে তিনি তাঁর অসুস্থ মায়ের পাশে থাকতে চান। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। মায়ের অস্ত্রোপচারের সময় পাশে থাকা এবং পরিবারের এক সদস্যের মৃত্যুতে একটি ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ২ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত।
নিম্ন আদালত উমর খালিদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। তবে আজ শুক্রবার দিল্লি হাইকোর্ট তাঁর জামিন আবেদন মঞ্জুর করে। অসুস্থ মায়ের দেখাশোনা করার জন্য ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত, ২ দিন জামিনে মুক্ত থাকবেন উমর খালিদ। এর পাশাপাশি তিনি তাঁর পরিবারের এক সদস্যের মৃত্যুর ৪০ দিন পর পালিত ইসলামি ধর্মীয় আচার ‘চেহলাম’-এও অংশ নিতে পারবেন।
২০২০ সালের দিল্লি হিংসায় অভিযুক্ত উমর খালিদ। সেই মামলাতেই বর্তমানে জেলে রয়েছেন তিনি। মায়ের অসুস্থতার কারণ দর্শিয়ে নিম্ন আদালতের কাছে ১৫ দিনের জামিনের আবেদন করেছিলেন তিনি। নিম্ন আদালতের কাছে দায়ের করা সেই আবেদনে খালিদ গত ১০ এপ্রিল তাঁর কাকা খুরশিদ আহমেদের মৃত্যু ও ২৪ মে দিল্লিতে তাঁর চেহলাম অনুষ্ঠান হওয়ার কথা উল্লেখ করেন। একইসঙ্গে খালিদ সেই আবেদনে আরও জানান যে, তাঁর মা অসুস্থ এবং আগামী ২ জুন তাঁর একটি ‘লাম্প এক্সিসন’ অস্ত্রোপচারের পরামর্শও দিয়েছেন ডাক্তাররা।
আবেদনে আরও বলা হয় যে, খালিদের পরিবারে তাঁর বাবা-মা এবং পাঁচ বোন থাকলেও মায়ের অস্ত্রোপচারের সময় তাঁর উপস্থিতি প্রয়োজন। কারণ তাঁর ৭১ বছর বয়সী বাবা মায়ের যত্ন নেওয়ার মতো অবস্থায় নেই। আর তাঁর বোনেরাও বিয়ের পর আলাদা বাড়িতে থাকেন। পরিবারের বড় এবং একমাত্র ছেলে হওয়ায় অস্ত্রোপচারের আগে ও পরে মায়ের পাশে থাকা ছেলে হিসেবে তাঁর প্রয়োজন।
কিন্তু নিম্ন আদালতের অতিরিক্ত দায়রা বিচারক কাকার ‘চেহলাম’ অনুষ্ঠানে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয় বলে উমর খালিদের জামিনের আবেদন খারিজ করে দেয়। ওদিকে মায়ের অস্ত্রোপচারের কারণের প্রেক্ষিতে আদালত যুক্তি দিয়েছিল যে, খালিদের পরিবারে আরও অনেক সদস্য রয়েছেন যারা তাঁর মায়ের দেখাশোনা করতে পারেন। তবে আজ হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে।
উল্লেখ্য, ২০২৫-এর ডিসেম্বরে, বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য ১৪ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন উমর খালিদ। তবে সেই জামিন ছিল শর্তসাপেক্ষ। তাঁর চলাফেরা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা সহ বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল। এছাড়া ২০২২ এবং ২০২৪ সালেও অল্প সময়ের জন্য বেশ কয়েকবার তিনি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
২০২০ সালে রাজধানী দিল্লিতে CAA-এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে জড়িত ছিলেন উমর খালিদ। এরপরই উমর খালিদ সহ আরও বেশ কয়েকজন ছাত্রনেতার বিরুদ্ধে ২০২০-র ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ানোর ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। পুলিস তাঁকে UAPA আইনে গ্রেফতার করে। ২০২০-র সেপ্টেম্বর থেকে খালিদ বন্দি।
(Feed Source: zeenews.com)
